ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিন আগে দায়িত্ব পেলেও এখনো ঠিক হয়নি কোথায় বসে অফিস করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিদর্শন করলেও বৃহস্পতিবার অল্প সময়ের জন্য সচিবালয়ে গিয়েছিলেন তিনি।
স্থায়ী দাপ্তরিক কার্যালয় না থাকায় নিয়মিত অফিস করতে পারছেন না নতুন মন্ত্রণালয়ের এই মন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থায়ীভাবে বসার জন্য এখন পর্যন্ত তার কার্যালয় ঠিক হয়নি।
“আমি কাজের লোক। যে কোনো জায়গায় বসেই কাজ করতে পারি,” একইসঙ্গে বলেন তিনি।
দাপ্তরিক কার্যালয় কোথায় হচ্ছে- জানতে চাইলে আবুল হোসেন বলেন, “অবশ্যই সচিবালয়ের ভেতরেই দাপ্তরিক কার্যালয় হবে।”
দায়িত্ব পাওয়ার চার দিন পরেও দাপ্তরিক কার্যালয় না থাকা প্রসঙ্গে তিনি বলেন, “একটু অপেক্ষা করেন। সবই দেখতে পাবেন।”
নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই কাজের ‘গতি’ দিনে দুই ঘণ্টা বাড়িয়েছেন জানিয়ে সাবেক যোগাযোগমন্ত্রী বলেন, “আগে ২৪ ঘণ্টায় ১৮ ঘণ্টা কাজ করতাম। এখন আমার কাজের গতি হবে ২০ ঘণ্টা।”
বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে গত ৪ ডিসেম্বর দুটি আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়। এর একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আবুল হোসেনকে।
আগের মন্ত্রণালয় বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী ছিলেন ইয়াফেস ওসমান। তিনি সচিবালয়েই বসেন। এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল হোসেন সচিবালয়ের ভেতরেই দাপ্তরিক কার্যালয় পেতে চাইছেন।
তিনি বলেন, নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে বুধবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) আসেন আবুল হোসেন। বিভিন্ন বিভাগ পরিদর্শন করে দুপুরে বের হয়ে যান। তবে বৃহস্পতিবার তিনি বিসিসি-তে আসেননি।
সচিব জানান, “মন্ত্রী বৃহস্পতিবার ক্যাবিনেটে অফিস করেছেন। বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস সচিবালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে দাপ্তরিক কাজ করেছেন।”
“মন্ত্রীর ক্ষমতা এবং যোগ্যতা রয়েছে। আমিও মনে করি, সচিবালয়েই তার দাপ্তরিক কার্যালয় হওয়া দরকার। এখন আমরা অপেক্ষা করছি নতুন এই মন্ত্রীর দাপ্তরিক কার্যালয় কোথায় হয়,” যোগ করেন রফিকুল।
তবে মন্ত্রীর বসার জন্য বিসিসি-তে একটি কক্ষ রয়েছে জানিয়ে তিনি বলেন, “এখানে মন্ত্রী বসবেন কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24