ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সরকার মহাজোট শরিক জাতীয় পার্টিকে ‘গৃহপালিত’ বিরোধী দল বানিয়ে দেশে একদলীয় নির্বাচন করার চক্রান্ত করছে বলে দাবি করেছে বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেন, “বর্তমান সরকার দেশের হৃদপিণ্ড ঢাকা মহানগরকে কেটে দুই ভাগ করেছে। তারা ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে সংবিধান সংশোধন করেছে।”
“এখন এরশাদকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে একদলীয় নির্বাচনের পাঁয়তারা করছে। জনগণকে নিয়ে তা রুখতে দুর্বার আন্দোলনে নামতে হবে।’’- যোগ করেন তিনি।
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দুই ভাগ করার প্রতিবাদে বিএনপির পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
ডিসিসির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর ‘পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার’ নিন্দা জানান ফখরুল।
গত ৪ ডিসেম্বর ঢাকায় সকাল-সন্ধ্যা হরতালের সময় পুরান ঢাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের পর সেদিন বিকেল থেকে এ ‘হামলার’ দাবি করে আসছে বিএনপি। যদিও ওইদিন দুপুরেই দলটির নেতারা বলেছিলেন, সংঘর্ষে ছাত্রলীগকর্মীদের ছোড়া ইট-পাটকেলে আঘাত পান খোকা।
ডিসিসিকে দুই ভাগ করতে সংসদে বিল পাস হয় গত ২৯ নভেম্বর। এর প্রতিবাদে ওই হরতাল পালন করে বিএনপি।
বৃহস্পতিবার পশ্চিম কাফরুল হালিম ফাউণ্ডেশন মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে যোগ দেওয়ার পথে নেতা-কর্মীদের মিছিলে বাধা ও ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগও করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সরকার বিভিন্ন স্থানে সমাবেশ করতে বাধা দিচ্ছে বলে দাবি করেন তিনি।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাকে ‘মিথ্যা’ অভিহিত করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
এ মামলায় বৃহস্পতিবার হাই কোর্টে হাজির হয়ে আট সপ্তাহের আগাম জামিন নেন খালেদা। প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে এই প্রথম কোনো মামলায় জামিন নিতে আদালতে যান তিনি।
সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে শুরু থেকে এর বিরোধিতা করে আসা বিএনপি। পুনর্বহাল না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ারও হুমকি দিয়েছে দলটি।
ক্ষমতাসীন মহাজোটের শরিক এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ইতিমধ্যে বলেছে আগামী নির্বাচনে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৫২ ঘ.
bdnews24