ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় দুই সাক্ষীর জেরা শুরু হবে রোববার।
বৃহস্পতিবার অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিনের কার্যক্রম শুরুর পর মুক্তিযোদ্ধা রুহুল আলম নবীন তার জবানবন্দি উপস্থাপন শেষ করেন। আরেক মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম হাওলাদারের বক্তব্য শোনার মধ্য দিয়ে বুধবার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এই দুই সাক্ষীকে আসামি পক্ষের জেরার জন্য রোববার দিন রেখেছেন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক।
ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে দাঁড়িয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে সাঈদীর নেতৃত্বে পাকিস্তানি হানাদারদের দোসর রাজাকার বাহিনীর হত্যা, লুণ্ঠন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো অপরাধের বিবরণ তুলে ধরেন ৬১ বছর বয়সী নবীন।
তিনি জানান, সেই সময় পিরোজপুরের পারেরহাটে ভানু সাহা ও ছবি রায় নামের দুই হিন্দু নারীকে রাজাকার বাহিনীর তত্ত্বাবধানে আটকে রেখে ধর্ষণ করা হয়। উমেদপুর গ্রামের হিন্দু পাড়ায় ৫০-৬০ জনকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় এবং তাদের টুপি পড়ে নিয়মিত নামাজ পড়তে বাধ্য করা হয়।
এসব ঘটনার সময় দেলাওয়ার হোসেন সাঈদীও উপস্থিত ছিলেন বলে বক্তব্যে উল্লেখ করেন নবীন।
তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এ দেশীয় সহযোগীদের লুট করা মালামাল দেখভালের দায়িত্বও পালন করেছিলেন সাঈদী।
আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম এ মামলার কার্যক্রম মুলতবি করার জন্য এবং সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল প্রধান তা নামঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ চালিয়ে যেতে বলেন।
বুধবার সাক্ষ্য দেওয়ার পর মাহবুবুল আলমকে জিজ্ঞেস করা হয়- তিনি সাইদীকে চেনেন কি না। তখন তিনি সাইদীকে নির্দেশ করে বলেন ,“আসামির কাঠগড়ায় বসে থাকা ব্যক্তিই সাইদী।”
ঠিক একইভাবে বৃহস্পতিবার সাইদীকে সনাক্ত করেন মুক্তিযোদ্ধা রুহুল আলম নবীন।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
যুদ্ধাপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সাঈদীর বিরুদ্ধে ৩১টি অপরাধের অভিযোগ আনলেও তার মধ্যে ২০টি অভিযোগ গ্রহণ করে তার ভিত্তিতে অভিযোগ গঠন হয়।
একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয় জন নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।
সাঈদী ছাড়াও জামায়াতের আরো চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে রয়েছেন। এরা হলেন- দলের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া।
এ ছাড়া বিএনপি নেতা সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের মামলার বিচার চলছে। এদের মধ্যে আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/আরআরডি/জেকে/১৭৪০ ঘ.
bdnews24