২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ: লংমার্চে থাকবেন এরশাদ

টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশ্বাস ভঙ্গ করেছেন বলে অভিযোগ এনেছেন মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশ্বাস ভঙ্গ করেছেন বলে অভিযোগ এনেছেন মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি জানিয়েছেন, এর প্রতিবাদে জাতীয় পার্টি আগামী ১০ জানুয়ারি সিলেট অভিমুখে লংমার্চ করবে। ওইদিন বিকেলে সিলেটের মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন এরাশদ। বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি মনে করি যে আশ্বাস তিনি (ভারতের প্রধানমন্ত্রী) দিয়েছিলেন তা ভঙ্গ হয়েছে। কারণ টিপাইমুখ বাঁধ নির্মাণে তারা চুক্তি করেছেন।” “ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন টিপাইমুখে বাঁধ নিয়ে এমন কিছু ভাবত করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। কারণ বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বলেছিলেন যে বাংলাদেশের ক্ষতি করে টিপাইমুখ বাঁধ করা হবে না”, যোগ করেন তিনি। দেশের প্রতিটি মানুষ এবং রাজনীতিবীদরা এই বাঁধ নির্মাণ নিয়ে উৎকণ্ঠায় আছে উল্লেখ করে এরশাদ বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ হওয়া উচিত। তার ভিত্তিতেই জনগণকে বলতে হবে- বাঁধ হলে ক্ষতি হবে কি-না। “এরপরেও বাঁধ নির্মাণ করা হলে কঠোর প্রতিবাদ করবো। বাংলাদেশের জনগণ এ ইস্যুতে কঠোরভাবে আন্দোলন করলে ভারত সরকার যথাযথ ব্যবস্থা নেবে”, যোগ করেন তিনি। এর আগে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও যৌথ জরিপের দাবি জানিয়ে মনমোহন সিংকে চিঠি দিয়েছিলেন। বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ করে বিবিসি। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়। বিবিসির প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ এ প্রকল্পের বিষয়ে জানতে নয়া দিল্লিতে চিঠি পাঠালে ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। বরাক নদীই সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় প্রবাহিত হয়ে পরে পুনরায় মিলিত হয়ে মেঘনা নাম নেয়। মেঘনা নদী চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোসাগরে মেশে। পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্পপ্রবণ এলাকা টিপাইমুখে বাঁধ হলে যদি তা কখনো ভাঙে, তবে সিলেট অঞ্চল পানিতে তলিয়ে যাবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে গ্যারান্টি দিতে হবে যে এখানকার পানি চাষাবাদের জন্য অন্য কোথাও নেওয়া যাবে না। এছাড়া আমি আশা করবো, বিদ্যুতের জন্য বাঁধ নির্মাণ হলে বাংলাদেশ যেন বিদ্যুতের ভাগ পায় এবং বিদ্যুৎ কিনতে পারে।” টিপাইমুখে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কিছু এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব ফাটল ধরে এমন কিছু না করতেও ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় পার্টি এই বাঁধ নির্মাণের বিপক্ষে, না-কি বাঁধ হলে সুযোগ-সুবিধা যেন যথাযথভাবে পাওয়া যায় তার পক্ষে আন্দোলন করছে- তা জানতে চাইলে মহাজোট সরকারের ঘনিষ্ট এই মিত্র বলেন, “এমন কিছুই করা যাবে না যাতে আমরা ক্ষতিগ্রস্থ হই।” ভারতকে ‘বন্ধুপ্রতীম রাষ্ট্র’ উল্লেখ করে এরশাদ বলেন, “আলোচনা না করেই ভারত বাঁধ নির্মাণে চুক্তি করায় আমরা আন্দোলন করছি।” টিপাইমুখে বাঁধ নিয়ে বিরোধীদলের আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বাঁধ নির্মাণ নিয়ে ভারতের সঙ্গে সমঝোতা না হলে শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতে যেতে হতে পারে বলেও হুঁশিয়ার করেন এরশাদ। আর সরকারকেই এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তিনি। অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও জাতীয় পার্টির মাহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/জেকে/১৩৩৪ ঘ.