২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে গিয়ে জামিন নিলেন খালেদা

তিন দশকের রাজনৈতিক জীবনে এই প্রথম হাইকোর্টের কোনো বেঞ্চে হাজির হয়ে আগাম জামিন নিলেন বিএনপি চেয়ারপারসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া চ্যারিটেবল ট্রাস্টে অনিয়মের মামলায় হাইকোর্টে হাজির হয়ে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বর্তমান সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের এ মামলায় বৃহস্পতিবার নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে হাইকোর্টে যান বিএনপি চেয়ারপারসন। প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে খালেদা এবারই প্রথম হাইকোর্টে কোনো বেঞ্চে হাজির হলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮৩ সালে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর এর আগে একবার এফিডেভিট করতে তিনি হাইকোর্টে গিয়েছিলেন বলে বিএনপি সমর্থক আইনজীবীরা জানিয়েছেন। হাইকোর্টে কোনো মামলায় প্রথম হলেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে কয়েকটি মামলায় গ্রেপ্তার অবস্থায় বিচারিক আদালতে হাজির হয়েছিলেন খালেদা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দুপুরে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন করেন খালেদা। ২০ মিনিট শুনানির পর আদালত আট সপ্তাহের জন্য তাকে জামিন দেন। খালেদার আইনজীবীদের অন্যতম আহসানুল করিম সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে এ মামলা হয়েছে। যেভাবে উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করা হয়েছে, তাতে মনে হয়েছে তিনি নিু আদালতে জামিন পাবেন না। তাই হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। তাতে আদালত আট সপ্তাহের র্র্অন্তবতীকালীন জামিন দিয়েছেন। সাদা রঙের একটি গাড়িতে করে দুপুর ২টা ২৫ মিনিটে বিরোধীদলীয় নেতা হাইকোর্ট চত্বরে পৌঁছেন। তার আসার খবরে দুপুর ১২টা থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছিলো বিএনপি সমর্থক আইনজীবীদের ভিড়। মূল ভবনের বাইরে এবং বার সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে আইনজীবীরা অবস্থান নেন। আইনজীবীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও ছিলেন। খালেদার গাড়ি পুলিশ পাহারায় মূল ভবনের পশ্চিম ফটকে এসে থামে। তখন বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করে। ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশ’, ‘সকল মিথ্যা মামলা, বাতিল কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে তারা। ভিড় ঠেলেই ২টা ৩৫ মিনিটে খালেদা আদালত কক্ষে পৌঁছান। তিনি ঢোকার পর পুলিশ কক্ষের ফটক বন্ধ করে দেয়। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির। হালকা হলুদ রঙের জর্জেট শাড়ি পরা খালেদা আদালতের অনুমতি নিয়ে এজলাসে আইনজীবীদের জন্য সংরক্ষিত একটি চেয়ারে বসেছিলেন। শুনানির সময় তাকে বেশ গম্ভীর দেখাচ্ছিলো। শুধু ব্যারিস্টার রফিকের সঙ্গে তাকে একবার কথা বলতে দেখা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুুলু, ইলিয়াস আলী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুস সালাম, শিরিন সুলতানাসহ বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে সঙ্গে নিয়েই আদালতে গিয়েছিলেন খালেদা। আদালতে ছিলেন টিএইচ খান, মওদুদ আহমেদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, খোন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, এ জে মোহাম্মদ আলী, মাহবুবউদ্দিন খোকনসহ বিএনপির আইনজীবী নেতারাও। জামিনের আদেশ হওয়ার পর আইনজীবী পরিবেষ্টিত হয়ে এজলাস থেকে বেরিয়ে আসেন বিরোধীদলীয় নেতা। ৩টা ১০ মিনিটে খালেদা জিয়ার গাড়ি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে ফটক পর্যন্ত গাড়িবহরকে এগিয়ে দেয়। বাড়ির পথে যাওয়ার সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান খালেদা। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৮ অগাস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। এতে অভিযোগ করা হয়, ট্রাস্টের নামে জমি কেনার সময় দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়, যার কোনো উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে এ মামলায় আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস (বর্তমানে বিআইডাব্লিউটিএ’র পরিচালক- নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) জিয়াউল ইসলাম ও ঢাকার মেয়রের এপিএস মনিরুল ইসলাম খান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটাই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির প্রথম মামলা। তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার আমলেও কয়েকটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসএম/এমআই/১৭১০ ঘ.