ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ প্রার্থী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়।
নতুন এই পাঁচ সাংসদ হলেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি।
সংবিধান অনুযায়ী এই পাঁচটি আসন ক্ষমতাসীন দলের প্রার্থীরাই পাওয়ার কথা থাকায় এই পাঁচজনের সাংসদ হওয়ার বিষয়টি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল।
রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বৃহস্পতিবারবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসন ও প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় এবং কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় আইন অনুযায়ী পাঁচজনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কমিশন এ ব্যাপরে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।”
তিনি জানান, নির্বাচিতদের ঠিকানাসহ তালিকা গেজেট আকারে প্রকাশের পর সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এরপর স্পিকারের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। গত জাতীয় নির্বাচনে দলীয় সংসদ সদস্য সংখ্যার (আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে) হিসাব করে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, এই ৫ আসনই পাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এরপর ২৬ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে পাঁচ আসনের জন্য পাঁচজনের নাম চূড়ান্ত করা হয়। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গত বৃহস্পতিবার পাঁচ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে ইসি।
এই পাঁচ জনের মধ্যে বেবী মওদুদ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালে, কলকাতায়। ১৯৬৭ সাল থেকে তিনি সাংবাদিকতায় জড়িত। দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন কাজ করার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন।
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা এর আগে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।
পিনু খানের বাড়ি ঢাকার নিউ মার্কেট এলাকায়। তিনি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
হাসিনা মান্নান চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। ১৯৯৪ সাল থেকে ছয় বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
৪০ বছর বয়সী ফজিলাতুন নেসা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের এই সাবেক সদস্যের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।
এই পাঁচ জনকে নিয়ে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা দাঁড়াবে ৪১। এছাড়া বিএনপি ৫ ও জাতীয় পার্টির ৪ সদস্য সংরক্ষিত আসনে রয়েছেন।
সংসদে ৩০০ আসনের মধ্যে বর্তমানে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোটের (নৌকা প্রতীকে আওয়ামী লীগসহ অন্য দল জাসদ-৩, ওয়ার্কার্স পার্টি ২ ও স্বতন্ত্র ৩) নেতৃত্বে ২৩৯ আসন, জাতীয় পাটি ২৫ আসন, বিরোধী দল বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট (বিজেপি-১) ৩২ আসন, জামায়াতের ২ আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও স্বতন্ত্র’র একটি করে আসন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩১০ ঘ.
bdnews24