২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলায় খালেদার জামিন আবেদন

জিয়া চ্যারিটেবল ট্রাস্টে অনিয়মের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া চ্যারিটেবল ট্রাস্টে অনিয়মের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বৃহস্পতিবার সকালে সৈয়দ মো. দস্তগীর হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে এই আবেদন করেন। দুপুরের পর এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খোকন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৮ অগাস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটাই বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে দুর্নীতির প্রথম মামলা। এতে অভিযোগ করা হয়- ট্রাস্টের নামে জমি কেনার সময় দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়, যার কোনো উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে এ মামলায় আসামি করা হয়েছে বিরোধীদলীয় নেতাকে। মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস (বর্তমানে বিআইডাব্লিউটিএ-এর পরিচালক- নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) জিয়াউল ইসলাম ও ঢাকার মেয়রের এপিএস মনিরুল ইসলাম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১২৫ ঘ.