সিলেট, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার থেকে জাতীয় পার্টির বেরিয়ে আসা সময়ের ব্যাপার মন্তব্য করে দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর বলেছেন, তার দল এককভাবে আগামী নির্বাচনে অংশ নেবে।
বুধবার দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবেন। তার এ ঘোষণার পর মহাজোট থেকে বের হয়ে আসা এখন সময়ের ব্যাপার মাত্র।”
২০০৮ সালের ৬ জানুয়ারি দায়িত্ব নেওয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টি। এরশাদের ছোট ভাই ও দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের মন্ত্রিসভার সদস্য।
এরশাদ সরকারের প্রধানমন্ত্রী কাজী জাফর অভিযোগ করেন, জাতীয় পার্টি মহাজোটের অন্যতম শরিক দল হলেও মাঝেমধ্যে দলের চেয়ারম্যানকে চায়ের দাওয়াত দেওয়া ছাড়া সরকার দেশ পরিচালনায় তাদের কোনো পরামর্শ নেয় না।
ভারতের বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে ১০ ডিসেম্বর টিপাইমুখ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে সিলেট জেলা জাতীয় পার্টি। এতে এরশাদের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। একই প্রতিবাদে ১ ডিসেম্বর বিএনপিও সিলেট জেলায় হরতাল পালন করে।
নগরীর জেল রোড এলাকায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে লং মার্চ বিষয়ক সংবাদ সম্মেলনে কাজী জাফর বলেন, জাপা’র এ লংমার্চ হবে স্মরণকালের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক।
টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত জুলাই মাসে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। গত ১৮ নভেম্বর বিষয়টি গণমাধ্যমে এলে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেন। তারা প্রকল্পের কাজ শুরুর আগেই বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার তাগিদ দেন। জবাবে ভারতের পক্ষ থেকে আবারো বলা হয়, বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু তারা করবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯০২ ঘ.
bdnews24