ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর এক ছাত্রলীগকর্মীকে ঢাকায় গুম করার করা হয়েছে বলে দাবি করেছে তার স্বজনরা। তাদের সন্দেহ, এতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত রয়েছে।
আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সোনাগাজী থানা শাখার কর্মী সারোয়ার জাহান বাবুলকে গত ২৬ অক্টোবর ঢাকার ফকিরাপুলের হোটেল আসরের সামনে থেকে অপহরণ করা হয়।
এ ঘটনায় একটি মামলাও করেছেন বাবুলের বড় ভাই আবদুর রহিম মানিক। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে তারা চেষ্টা চালাচ্ছেন।
বুধবার ঢাকা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে মানিক বলেন, সন্ধ্যার পর হোটেলের সামনে একটি মাইক্রোবাসে তার ভাইকে তুলে নেওয়া হয়।
বাবুলের আরেক ভাই প্রত্যক্ষদর্শী ইকবার বাহার ফয়সাল বলেন, “দুজন লোক আমার ভাইকে ধরে মাইক্রোতে ওঠায়। মাইক্রোতে ৭/৮ জন ছিলো। তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। তাদের দেখে প্রশাসনের লোক মনে হওয়ায় ভয়ে আমরা আমি কিছুই বলিনি।”
ফয়সাল বলেন, মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের চুল ছিলো ছোট, তারা ছিলো লম্বা গড়নের। “তাদের দেখে গোয়েন্দা পুলিশ বলে মনে হয়েছে,” বলেন তিনি।
ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাবুলকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন ফয়সাল। বাবুল থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলেও তিনি জানান।
বড় ভাই মানিক বলেন, “স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্বের কারণে সোনাগাজী পৌরসভার ওয়ার্ড কমিশনার নূরনবী লিটন পুলিশ বা র্যাব দিয়ে আমার ভাইকে অপহরণ করিয়েছে।”
লিটনের দায়ের করা একটি মামলায় আগাম জামিন নিতে ২৫শে অক্টোবর রাতে ঢাকায় এসেছিলেন বাবুল। ২৬ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে হোটেলে ফেরার পর তাকে অপহরণ করা হয়।
“আমার ভাই বেঁচে আছে, না মেরে ফেলা হয়েছে, তা আমরা জানতে চাই। বেঁচে থাকলে আমরা তাকে ফেরত চাই,” বলেন মানিক।
বাবুল অপহরণের পর ২৭ অক্টোবর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়রি করেন মানিক। দুই দিন পর একই থানায় নূরনবী লিটন ও তার ছোট ভাই রিপনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সাংবাদ সম্মেলনে জানানো হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে মামলাটি আমাদের কাছে এসেছে। আমরা প্রকৃত আসামিদের ধরার চেষ্টা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসইউ/এমআই/১৮৩০ ঘ.
bdnews24