২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর যুদ্ধাপরাধের বিবরণ দিলেন সাক্ষী মাহবুবুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দিতে আসা মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম হাওলাদার বলেছেন, একাত্তরে দেলাওয়ার হোসাইন সাঈদীর নির্দেশেই পিরোজপুরে হত্যা ও লুণ্ঠন চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে পিরোজপুরে বিশা বালী নামে এক হিন্দু ধর্মাবলম্বীকে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদারদের এ দেশীয় সহযোগী রাজাকার বাহিনী। আর জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীই তাকে হত্যার নির্দেশ দেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল আলম হাওলাদার। ৬০ বছর বয়সী মাহবুবুলের বক্তব্য শোনার মধ্য দিয়ে বুধবার দুপুরে সাঈদীর যুদ্ধারপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বলেন, ১৯৭১ সালের ২ জুন পিরোজপুরের উমেদপুর গ্রামের হিন্দু পাড়ায় হত্যাযজ্ঞ চালায় রাজাকার বাহিনীর সদস্যরা। ওই সময়ই সাঈদীর নির্দেশে অসুস্থ বিশা বালীকে একটি নারিকেল গাছের সঙ্গে বেঁধে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ৯ নম্বর সেক্টরের একটি সাব সেক্টরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সরবরাহ করার দায়িত্বে ছিলেন মাহবুবুল আলম। তিনি জানান, ৭ মে শান্তি কমিটির (পিস কমিটি) সদস্যরা পারেরহাটে পাকিস্তানি সেনাদের স্বাগত জানায়। সে সময় সাঈদীও সেখানে উপস্থিত ছিলেন। বুধবার বেলা সোয়া ১২টার দিকে বিচারপতি নিজামুল হকের সভাপতিত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাঈদীকে সকালেই কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাদামী রংয়ের প্যান্টের ওপর সবুজ রংয়ের সিল্কের কুর্তা ও পায়ে চামড়ার স্যান্ডেল পরে ট্রাইব্যুনালে আসেন মুক্তিযোদ্ধা মাহবুবুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ থেকে উদ্ধৃত করে তিনি বক্তব্য শুরু করেন। তিনি বলেন, সাঈদী উর্দু বলতে পারতেন। তিনি উর্দুতে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন ইজাজের সঙ্গে আলোচনা চালান এবং মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের সমর্থক এবং হিন্দুদের সনাক্ত করতে সহযোগিতা করেন। পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এ দেশীয় দোসরদের লুট করা মালামাল দেখভালের দায়িত্বও নিয়েছিলেন সাঈদী। বাগেরহাটে তার নেতৃত্বেই লুটতরাজ চালানো হয়। মাহবুবুল আলমের পর সাক্ষ্য দিতে শুরু করেন আরেক মুক্তিযোদ্ধা রুহুল আলম নবীন। আর মাহবুবুল আলমকে জেরা শুরু হবে রোববার। সাক্ষ্যগ্রহণ শুরুর আগে সাঈদীর পক্ষে করা তিনটি আবেদনের শুনানি শেষে দুটি খারিজ করে ট্রাইব্যুনাল। সাঈদীর বিরুদ্ধে অভিযোগের নথি-পত্র ও তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং বিচার প্রক্রিয়া স্থগিতের জন্য এসব আবেদন করা হয়েছিল। এ মামলায় গত ২০ নভেম্বর সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ওইদিন মামলার সাক্ষ্যগ্রহণের বিষয়ে সূচনা বক্তব্যের আংশিক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বাকি বক্তব্য উপস্থাপন করা হয় পরদিন। এরপর ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণের জন্য ৭ ডিসেম্বর দিন রাখেন। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সাঈদীর বিরুদ্ধে ৩১টি অপরাধের অভিযোগ আনলেও তার মধ্যে ২০টি অভিযোগ গ্রহণ করে তার ভিত্তিতে অভিযোগ গঠন হয়। একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয় জন নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। সাঈদী ছাড়াও জামায়াতের আরো চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে কারাগারে রয়েছেন। এরা হলেন- দলের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া। এ ছাড়া বিএনপি নেতা সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের মামলার বিচার চলছে। এদের মধ্যে আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/জেকে/১৭০৫ ঘ.