দুই মামলায় অলির জামিন
মারামারি এবং সম্পদের হিসাব বিবরণী না দেওয়ার অভিযোগে দায়ের দুটি মামলায় ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।
ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারামারি এবং সম্পদের হিসাব বিবরণী না দেওয়ার অভিযোগে দায়ের দুটি মামলায় ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।
অলির আবেদনে বুধবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ জামিন মঞ্জুর করে।
অলির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
প্রধানমন্ত্রী ও চট্টগ্রামের স্থানীয় নারী সাংসদকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে মানহানির এক মামলায় হাজিরা দিতে অলি গত ২৪ নভেম্বর চট্টগ্রামে আদালতে গেলে যুবলীগ নেতাকর্মীদের হামলার মুখে পড়েন।
এরপর অলিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন চট্টগ্রামের চন্দনাইশ এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আফতাব আহমেদ শিমুল।
এ মামলায় অলি ছাড়াও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাসহ মোট ১৭ জনকে জামিন দিয়েছে আদালত। এক আসামি গ্রেপ্তার রয়েছেন।
একই ঘটনায় দায়ের আরেকটি মামলায় অলির ভাতিজা মো. ইয়াকুব আলীসহ মোট ১৮ জন ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
এছাড়া সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অলিকে ছয় সপ্তাহের জামিন দিয়েছে একই আদালত।
দুদকের উপপরিচালক মো. গোলাম মোস্তফা ২৮ নভেম্বর রমনা থানায় মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/আরএ/১৭০১ ঘ.
