২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতেও প্রশিক্ষণের বিকল্প নেই: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে জ্ঞানভিত্তিক রাজনৈতিক চর্চার জন্য নেতা-কর্মীদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 06:09 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে জ্ঞানভিত্তিক রাজনৈতিক চর্চার জন্য নেতা-কর্মীদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বুধবার সকালে দলের রাজনৈতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নেতা-কর্মীদের অবশ্যই জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে।” বুধবার সকালে রাজধানীর বিজয় নগরে হোটেল ’৭১ মিলনায়তনে বিএনপির রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও যুক্তরাষ্ট্রের সংগঠন ডেমোক্রেসি ইন্টারন্যাশালের উপ প্রধান ডেভিড ডিডম্যান বক্তব্য রাখেন। চার পর্বের এই কর্মশালায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখবেন। বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ৫৫ জন সদস্য এ কর্মশালায় অংশ নিচ্ছেন। বিকেলে প্রশিক্ষণার্থীদের ৪০ মিনিটের একটি লিখিত পরীক্ষার মধ্য দিয়ে কর্মশালা শেষ হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে উদ্বোধনী বক্তব্য মির্জা ফখরুল বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা দলের সব পর্যায়ের নেতা ও মন্ত্রিসভার সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছিলেন। ওই সময়ে প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানকেও প্রশিক্ষণ নিতে হয়েছিলো।” তিনি জানান, রাষ্ট্র, সরকার ও সংসদ বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হবে। প্রশিক্ষণার্থীদের পরীক্ষার ফল দলের চেয়ারপার্সনের কাছে জমা দেওয়া হবে। “গোটা বিশ্বের মতো আমাদেরও জ্ঞাননির্ভর রাজনীতিতে এগিয়ে যেতে হবে। মধ্যপ্রাচ্যের একটি দেশের তরুণ প্রজন্ম ইন্টারনেটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এনেছে। তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার সঙ্গে আমাদেরও সম্পৃক্ত হতে হবে”, যোগ করেন তিনি। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কবির মুরাদ। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত ১৬ অক্টোবর গুলশানে নিজের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২০৫ ঘ.