২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষে সংঘর্ষে আহত ২৫

স্বৈরাচার পতন দিবসে চট্টগ্রাম নগরীতে যুবদলের ডাকা সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বৈরাচার পতন দিবসে চট্টগ্রাম নগরীতে যুবদলের ডাকা সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন। সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে সাংবাদিকদের জানান কোতয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ। মঙ্গলবার বিকালে নগরীর নাসিমন ভবন চত্ত্বরে জেলা যুবদল নেতা কাজী বেলাল ও মোশারফ হোসেন দিপ্তীর পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানায় পুলিশ ও বিএনপি নেতরা। চট্টগ্রাম বিএনপির কার্যালয় এই ভবনেই। এ সময় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি শামসুল আলম, আবু সুফিয়ানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। স¤প্রতি খসরুর অনুসারী বেলালকে সভাপতি এবং শাহাদাতের অনুসারী মোশারফকে সাধারণ সম্পাদক করে যুবদল চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হলেও ছয় ঘণ্টার মাথায় কেন্দ্রের নির্দেশে তা বাতিল হয়। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হলে বিকেল সাড়ে ৪টার দিকে পাল্টাপাল্টি স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাক-বিতণ্ডা শুরু হয়।” এর জের ধরেই নেতা-কর্মীরা একে অন্যের দিকে চেয়ার ছুড়ে মারে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয় বলে জানান এসআই। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নাসিমন ভবনের পাশের নূর আহমেদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জানিয়ে এসআই ইকবাল বলেন, “পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে বিকাল সোয়া ৫টা থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।” বর্তমানে পরিস্থিতি শান্ত এবং নাসিমন ভবন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীপ্তির নেতৃত্বে একটি মিছিল সমাবেশস্থলে এলে কাজী বেলালের অনুসারীরা তাদের ওপর হামলা চালায় এবং সংঘর্ষ হয়।” এ সময় সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকলেও সংঘর্ষ থামাতে কোনো উদ্যোগ নেননি দাবি করে তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক।” নগর কমিটির সভাপতি আমীর খসরু বলেন, “যুবদলের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘোষিত কমিটি বাতিল হওয়া নিয়ে এটি হতে পারে।” কেন্দ্রের নির্দেশে যুবদলের কমিটি বাতিল করা হয় উল্লেখ করে তিনি বলেন, “এটি নিয়ে ঝগড়ার কোনো মানে হয় না। জানুয়ারিতে চট্টগ্রামে দলীয় চেয়ারপার্সনের রোড মার্চ সফল করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ করবেন বলে ইতিমধ্যে দলটি ঘোষণা দিলেও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। সাধারণ সম্পাদকের সঙ্গে কোনো দূরত্ব নেই দাবি করে আমীর খসরু বলেন, “বর্তমান স্বৈরাচারী সরকারকে হঠাতে আমরা ‘স্বৈরাচার পতন দিবসে’র দিন শপথ নিয়েছি।” খসরু ও শাহাদাত দুই জনই দীর্ঘদিন ধরে একপক্ষের থাকলেও সা¤প্রতিক সময়ে দুইজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদ ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এর পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল দিবসটিকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/পিডি/১৯৪৯ ঘ.