২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন: আইনের ব্যাখ্যা চাইবে ইসি

ঢাকার দুই সিটি কর্পোরেশনে ৯০ দিনে নির্বাচন না হলে কী হবে; ওয়ার্ডের সীমানা এক থাকবে, না নতুন করে নির্ধারণ হবে- সে বিষয়গুলো স্পষ্ট নয় নির্বাচন কমিশনের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত আইনে রয়েছে- পুরনো ও বিভক্ত সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে, আর নতুনের ক্ষেত্রে এ সময়সীমা ১৮০ দিন। সংসদে বিল পাস হওয়ার পর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, ৯০ দিনে নির্বাচন না হলে, তার পরের ৯০ দিনে নির্বাচন হবে। তবে সংশোধিত আইনে তার উল্লেখ না থাকায় বিষয়টি কী হবে- তা বুঝতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি ওয়ার্ডগুলোর সীমানা কি আগের মতোই থাকবে, না নতুন করে নির্ধারণ করা হবে, তা-ও স্পষ্ট নয় ইসির কাছে। তাই এ বিষয়গুলো স্পষ্ট করতে সরকারকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংসদে সংশোধনের পর গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইসিকে চিঠিও পাঠিয়েছে। সংশোধিত আইন অনুযায়ী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে; তবে মেয়াদের শেষ পর্যায়ে এ নির্বাচন না করার পক্ষেই মত প্রকাশ করেছেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনার সাখাওয়াত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯০ দিন, নাকি ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে, ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করা হবে কি না, করা হলে কীভাবে তা হবে, ওয়ার্ডের ক্রমিক নম্বর পরিবর্তন কীভাবে হবে- এসব বিষয় জানাতে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানো হবে। “আইনে বিভক্ত বা একাধিক (একটি ভেঙে নতুন কয়েকটি) সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু পরবর্তী ৯০ দিনে নির্বাচনের কথা তো আইনে নেই। তাদের (মন্ত্রণালয়) কাছে বিষয়টি আমাদের জানতে হবে,” বলেন তিনি। এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্র“য়ারিতে শেষ হচ্ছে। ৯০ দিনে নির্বাচন করতে হলে ২৯ ফেব্র“য়ারির মধ্যে তা করতে হবে। বর্তমান অবস্থায় নির্বাচনের প্রস্তুতি নিলেও মূল কাজ ভোটগ্রহণের প্রক্রিয়াটি হয়তো সারতে হবে পরবর্তী কমিশনের। এক্ষেত্রে শুধু তফসিল ঘোষণা করে গেলে জটিলতা দেখা দিতে পারে বলে মনে করছে বর্তমান ইসি। সাখাওয়াত বলেন, “বর্তমান ইসির অধীনে নির্বাচন করতে হলে ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে করতে হবে। সে হিসাবে, এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে।” “৯০ দিনে নির্বাচন করা অসম্ভব নয়, তবে বেশ জটিল,” যোগ করেন তিনি। সাখাওয়াতের মতো অন্য নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও মনে করেন, একটি নির্বাচনের পুরো প্রক্রিয়া এক কমিশনের অধীনেই হওয়া উচিত, নইলে জটিলতা দেখা দিতে পারে। তিনি বলেন, “আমরা শুরু করতে পারতাম, কিন্তু না করাই ভালো। কারণ নতুন কমিশন এসে নিজস্ব পরিকল্পনায় নির্বাচন করতে পারে। এই জন্য আমরা নির্বাচনটা করতে চাই না।” অবশ্য বর্তমান নির্বাচন কমিশনে আরো দুজন কমিশনার নিয়োগের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে নতুন দুজনকে নিয়োগ দিয়ে আগামী কমিশন পূর্ণাঙ্গ করা পর্যন্ত ধারাবাহিকতা রক্ষার ইঙ্গিত এরই মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ দিয়েছেন। নির্বাচনের সময়সীমার পাশাপাশি ওয়ার্ড নিয়েও সমস্যার কথা জানালেন নির্বাচন কমিশনাররা। একটি ভেঙে দুটি করার পর ৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত হয়েছে। ১-২৩, ৩৭-৪৭, ৫৪-৫৫ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তরে অন্তর্ভুক্ত হয়েছে। দক্ষিণে রয়েছে ২৪-৩৬, ৪৮-৫৩, ৫৬-৯২ নম্বর ওয়ার্ড। সাখাওয়াত বলেন, “গেজেটে ওয়ার্ডগুলোর পুরনো নম্বরেই রয়েছে। নতুন করে নাম্বারিং করতে হবে, সীমানা পুনর্র্নিধারণ করতে হবে কি না, কিছুই জানি না। নতুন সিটি কর্পোরেশনে পুরনো ওয়ার্ডের সীমানা ভাঙা হবে কি না, তাও জানি না। এগুলোর অর্থ স্পষ্ট হতে হবে”। ইসি কর্মকর্তারা বলছেন, দুটি আলাদা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আলাদা ক্রমিক অনুসারে ওয়ার্ডগুলোর নতুন নম্বর দিতে হবে। তবে স্থানীয় সরকার বিভাগ এখনো সীমানা নির্ধারণ সম্পর্কে আলাদা কোনো গেজেট পাঠায়নি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে এ বিষয়গুলো স্পষ্ট হয়ে তারপরই সিদ্ধান্ত নিতে চায় ইসি। সিইসি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। আগামী ১০ ডিসেম্বর তিনি ফিরলে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দুই কমিশনার। তার আগ পর্যন্ত নিজেদের মতামত ব্যক্তিগত বলেই জানান ছহুল ও সাখাওয়াত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২১৫ ঘ.