সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাকের লিভার ট্রান্সপ্ল্যান্ট হবে আগামী ১১ ডিসেম্বর।
সাবেক এ মন্ত্রীর অবস্থা আগের চেয়ে ভালো বলে তাকে দেখে এসে বলেছেন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী।
রাজ্জাক লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুর রাজ্জাকের অবস্থা এখন আগের চেয়ে ভালো। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
রাজ্জাককে লিভার (যকৃৎ) দিচ্ছেন তার ভাতিজা। তিনি ইতোমধ্যে লন্ডন পৌঁছেছেন বলে রাশেদ জানান।
লিভারে সমস্যা দেখা দেওয়ায় রাজ্জাক বেশ কিছু দিন ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন।
শেখ হাসিনার আগের সরকারের পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করা রাজ্জাক এবার মন্ত্রিসভায় ঠাঁই পাননি। তবে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজ্জাক ’৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি বাকশাল নামে আলাদা দল গঠন করেন। ’৯০ এর দশকে বাকশাল আওয়ামী লীগের একীভূত হয়।
এরপর দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রাজ্জাক। ২০০৯ সালের দলের সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.
bdnews24