ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ডিসিসির যে কোনো একটিতে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিলুপ্ত ডিসিসির প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন।
সোমবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “নেত্রী সমর্থন দিলে আগামী নির্বাচনে মেয়র পদে অংশ নিতে চাই। নেত্রীর দোয়া এবং আশীর্বাদ পাবো ইনশাল্লাহ।”
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) বিভক্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে খোকন বলেন, “ঢাকা শহর বিস্তৃতি লাভ করায় একজনের পক্ষে এর সেবা দেওয়া সম্ভব হচ্ছিলো না। আর ভবিষ্যতে ঢাকা নারায়ণগঞ্জ ও সাভার পর্যন্ত বিস্তৃতি লাভ করবে।”
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ওই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম যুদ্ধাপরাধীর বিচারে বাধা সৃষ্টিকারী, ঢাকা সিটি কর্পোরেশন বিভক্ত করাসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গত ২৯ নভেম্বর সংসদে বিল পাস এবং গত ১ ডিসেম্বর বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে ডিসিসি দুই ভাগ হয়।
আইন অনুযায়ী ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ নামে দুটি সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। বর্তমানে সিটি কর্পোরেশন দুটিতে দুজন প্রশাসক দায়িত্ব পালন করছেন।
প্রধান বিরোধী দল বিএনপি ডিসিসি ভাগের বিরোধিতা করে আসছে। দলটি এর প্রতিবাদে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালও করেছে দলটি।
বিলুপ্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন এই আলোচনা সভা আয়োজন করে।
২০০৬ সালের ২৮ নভেম্বর ৬২ বছর বয়সে মারা যান হানিফ। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর জাতীয় নির্বাচন, মুক্তিযুদ্ধ ও ’৯০-এর স্বৈরশাসনবিরোধী গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, সংসদ সদস্য মোস্তফা জামাল মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২০০ ঘ.
bdnews24