২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি যতবার নামবে, ততবার তুলবো: বার সভাপতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে জিয়াসহ অন্য দুই নেতার ছবি আবার টানানোর ঘোষণা দিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে জিয়াসহ অন্য দুই নেতার ছবি আবার টানানোর ঘোষণা দিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন। আইনজীবী সমিতির সভাপতির কক্ষ ‘ভাংচুর’র প্রতিবাদে সোমবার এক সমাবেশে তিনি বলেন, “আমি যতদিন সভাপতি আছি, সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ছবি টানাবো। প্রয়োজনে রক্ত দিলে হলেও ছবি তোলা হবে। সাহস থাকলে আসুক। যতবার নামাবে, ততবার আমরা তুলবো।” সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে মওলানা ভাসানী, এম এ জি ওসমানী ও জিয়াউর রহমানের ছবি টাঙানো নিয়ে রোববার হট্টগোল হয়। আইনজীবী সমিতির সভাপতি ছবি টানানোর দেড় ঘণ্টার মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা ছবি নামিয়ে নেয়। মাহবুব বলেন, “আমি যে পর্যন্ত সভাপতি থাকবো, ততদিন এই ছবি থাকবে। প্রয়োজনে রক্তের বিনিময়ে হলেও সাধারণ আইনজীবীদের নিয়ে সাধারণ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ” “সুপ্রিম কোর্টের এই হল (দক্ষিণ হল) কঠিন হল। এখান থেকে কোনো সরকারের বিরুদ্ধে উচ্চ আওয়াজ উঠলে সেই সরকার ক্ষমতায় থাকতে পারে না,” সরকারকে হুঁশিয়ার করেন তিনি। প্রতিবাদ সভায় গৃহিত তিন দফা সিদ্ধান্ত পড়ে শোনান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ফাহিমা নাসরিন মুন্নী। এগুলো হচ্ছে- সমিতির সভাপতির কক্ষ ভাংচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা, ওই ছবি টানানোর সিদ্ধান্ত পুনঃগ্রহণ করা এবং ভাংচুরের ঘটনার নিন্দা প্রকাশ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/এমআই/১৭০৮ ঘ.