ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় দপ্তর বদলকে স্বাভাবিকভাবেই নিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। আগের দায়িত্বে সফল ছিলেন দাবি করে নতুন দায়িত্বও একইভাবে পালন করার কথা জানিয়েছেন তিনি।
সোমবার মন্ত্রিসভায় রদবদলে বেমসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগ নেতা ফারুক খান।
গোপালগঞ্জের এই সংসদ সদস্য ২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনার নতুন সরকারে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন।
এবার বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিমানমন্ত্রী জি এম কাদের। তিনি মহাজোট শরিক জাতীয় পার্টির নেতা এবং দলটির প্রধান এইচ এম এরশাদের ছোট ভাই।
রদবদলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ফারুক খান সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় এটা স্বাভাবিক ব্যাপার।”
“আগের মন্ত্রণালয়ে ভালোভাবেই কাজ করেছিলাম, সবার সহযোগিতায় নতুন মন্ত্রণালয়েও সেভাবেই কাজ করবো,” বলেন তিনি।
নতুন মন্ত্রণালয়ে কবে যোগ দিচ্ছেন- জানতে চাওয়া হলে ফারুক বলেন, “দুই-এক দিনের মধ্যেই দেবো।”
বাণিজ্যমন্ত্রী থাকাকালে কয়েকটি মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন ফারুক খান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ‘কম খাওয়ার পরামর্শ’ দিয়ে সমালোচকদের তোপের মুখে পড়েন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১২৫১ ঘ.
bdnews24