২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের চিঠিতে আশ্বাস: বিএনপি

খালেদা জিয়ার চিঠির জবাবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং টিপাইমুখে বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু না করার আশ্বাসই পুনরায় দিয়েছেন বলে জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার চিঠির জবাবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং টিপাইমুখে বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু না করার আশ্বাসই পুনরায় দিয়েছেন বলে জানিয়েছে বিএনপি। মনমোহনের চিঠি পাওয়ার নয় দিন পর এর বিষয়বস্তু প্রকাশ করে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর টিপাইমুখে বাঁধ তৈরির আগে যৌথ সমীক্ষার দাবি পুনরায় তোলেন। গত ২২ নভেম্বর বিরোধীদলীয় নেতা খালেদা টিপাইমুখ প্রকল্প বাস্তবায়নের আগে বাংলাদেশ-ভারত যৌথ সমীক্ষার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান। গত ২৬ নভেম্বর খালেদা খুলনা অভিমুখে রোড মার্চের সময় মনমোহনের ফিরতি চিঠি এলেও তা এতদিন প্রকাশ করা হয়নি। মনমোহনের চিঠির বিষয়বস্তু তুলে ধরে ফখরুল নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। ফখরুল বলেন, “চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, টিপাইমুখ প্রকল্প মূলত বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে, এটি সেচ প্রকল্প নয়। এ প্রকল্পে ভারত সরকার এমন কিছু করবে না, যার কারণে বাংলাদেশের ক্ষতি হতে পারে।’’ এর আগে সরকারি পর্যায়েও ভারতের প্রধানমন্ত্রীর একই আশ্বাস পাওয়া যায়। বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা ধরে এগোচ্ছে ভারত। দেশে মেঘনা, সুমরা ও কুশিয়ারার পানির উৎস ভারত হয়ে আসা এ নদীটিই। ফখরুল বলেন, “এই নদীর পানি প্রবাহের ওপর বাংলাদেশের ন্যায্য অধিকার রয়েছে। ভারতীয় শীর্ষ নেতাদের আশ্বাসে বিশ্বাস স্থাপন করতে পারছে না দেশের জনগণ। ফারাক্কা বাঁধ নির্মাণের সময়েও অনুরূপ আশ্বাস দেওয়া হয়েছিলো।” টিপাইমুখে যৌথ সমীক্ষার দাবি তুলে ধরে ফখরুল বলেন, এর পাশাপাশি টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তুলবে। টিপাইমুখ প্রকল্প নিয়ে সরকারের পদক্ষেপ যথাযথ নয় বলে দাবি করছে বিএনপি। ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার এই বাঁধ বন্ধের জন্য আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি যৌথ কারিগরি সমীক্ষার তাগিদও দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দিল্লি সফরের বিষয়ে বিএনপি নেতা বলেন, “তারা (উপদেষ্টা) এই প্রকল্পের বিরোধিতা তো দূরের কথা, কোনো প্রতিবাদও জানাতে পারেনি। বরং দেশে ফিরে বলছেন, টিপাইমুখ বাঁধে বাংলাদেশের উপকার হবে। এতে জনগণের উদ্বেগ আরো বেড়েছে।” সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও দলের সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩৬ ঘ.