ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সাদেক হোসেন খোকার মতো মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে দাবি করে খালেদা জিয়া বলেছেন, যুদ্ধাপরাধীর বিচার করার আগে আওয়ামী লীগের বিচার করা উচিত।
রোববার রাতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ঢাকার সদ্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন খালেদা।
ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তির প্রতিবাদে রোববার মহানগরীতে ‘সফল’ হরতাল পালনের জন্য মহানগরবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এই ইসুটি জনপ্রিয়। দেশের জনগণ এবং ঢাকাবাসী মহানগর ঢাকা দুই ভাগ হোক, কেউ চায় না।”
খোকার ওপর ‘হামলাকারীদের’ অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, “এ সরকার একদিকে মুক্তিযোদ্ধাদের কথা বলে, অন্যদিকে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালায়। এই বিজয়ের মাসেও তারা সাদেক হোসেন খোকার মতো মুক্তিযোদ্ধার ওপর পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়েছে। কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে কর্নেল অলির মতো মুক্তিযোদ্ধার ওপর হামলা চালায়।’’
“যুদ্ধাপরাধের বিচার করার আগে আওয়ামী লীগ সরকারের বিচার করা উচিত।”- যোগ করেন খালেদা জিয়া।
তিনি এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘বর্বর দল’ বলে আখ্যায়িত করেন।
ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে এদিন দুপুরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পুরান ঢাকার আদালতপাড়া থেকে ভ্যানে তুলে নিয়ে খোকাকে তার গুলশানের বাসায় পৌঁছে দেয় পুলিশ। এরপর তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
সেসময় বিএনপি নেতারা বলেছিলেন, আদালতপাড়ায় ছাত্রলীগের কর্মীদের ছোড়া ইটে আহত হন খোকা।
পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়ার পথে সাদেক হোসেন খোকাকে পুলিশি হেফাজতের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে।”
পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ভ্যানে তোলার সময় টানাহেঁচড়ায় বা সংঘর্ষের সময় ইট-পাটকেলে তিনি আঘাত পেয়ে থাকতে পারেন।
ইউনাইটেড হাসপাতালে খোকার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক আবু সাইদ এম এম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কীভাবে আঘাত পেয়েছেন খোকা তা বলতে পারেননি।”
গত মাসে মানহানির এক মামলায় জামিন চাইতে গিয়ে চট্টগ্রাম আদালতে সরকার সমর্থকদের হামলার মুখে পড়েন বিএনপির নতুন মিত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর ‘হামলাকে’ নজিরবিহীন আখ্যায়িত করে রাতে খালেদা জিয়া বলেন, “হরতাল চলাকালে বিভিন্ন স্থানে মহিলা দলসহ নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।”
সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন জনসমর্থন হারিয়ে ফেলেছে দাবি করে তিনি বলেন, “এই ব্যর্থ সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।”
এ সময় খালেদার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ছয় জন শীর্ষনেতা আটক আছেন। এদের মধ্যে দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগও গঠন হয়েছে। জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীম একই অভিযোগে আটক হলেও শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩৮ ঘ.
bdnews24