কুমিল্লা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। প্রথম দিন মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়।
কুমিল্লা জেলা পরিষদে স্থাপিত রির্টানিং অফিসারের কার্যালয়ে রোববার এ বাছাই শুরু হয়। বাছাই প্রক্রিয়া সোমবারও চলবে।
মেয়র পদে ১০ প্রার্থীর মধ্যে নয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রির্টানিং অফিসার আবদুল বাতেন।
জামানতের টাকা জমা না দেওয়াসহ আরো কয়েকটি শর্ত পূরণ না করায় হাসানুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়।
মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত আফজল খান, নাগরিক কমিটির ব্যানারে বিএনপি নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু, জাসদের শিরিন আক্তার, চঞ্চল কুমার ঘোষ, মো. সালমান সাঈদ ও মামুনুর রশিদ।
মেয়র পদে ১০জন, সংরক্ষিত ৯ মহিলা কাউন্সিলর পদে ৭০ জন ও ২৭টি সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন মনোনয়নপত্র জমা দেন।
গত ২২ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নির্বাচনের সময়সূচি (তফসিল) ঘোষণা করেন।
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ ও ৫ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ আগামী ৫ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.
bdnews24