২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খোকা পুলিশ হেফাজতে ছুরিকাহত’

সদ্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে ‘পুলিশের হেফাজতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছুরিকাঘাত’ করেছে বলে দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে ‘পুলিশের হেফাজতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছুরিকাঘাত’ করেছে বলে দাবি করেছে বিএনপি। রোববার বিকালে রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পুরনো ঢাকার ধোলাইখাল এলাকা থেকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়ার পথে সাদেক হোসেন খোকাকে পুলিশি হেফাজতের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। তার বাম পায়ের ওপরে এই ছুরিকাঘাত করা হয়েছে।” ইউনাইটেড হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক আবু সাইদ এম এম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাদেক হোসেন খোকার বাম উরুর নিচে একটি আঘাতের চিহ্ন আছে।” “তিনি [সাদেক হোসেন খোকা] নিজেও বলতে পারছেন না কীভাবে আঘাত পেয়েছেন।”- যোগ করেন চিকিৎসক। বিএনপির ডাকা হরতালে রোববার দুপুরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পুরান ঢাকা থেকে ভ্যানে তুলে নিয়ে খোকাকে তার গুলশানের বাসায় পৌঁছে দেয় পুলিশ। এরপর তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ‘ছুরিকাঘাতের’ বিষয়টি নাকচ করে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপদ হেফাজতে নিতে গাড়িতে তোলার সময় হুড়োহুড়িতে কিংবা সংঘর্ষের সময় ছোড়া ইট-পাটকেলের আঘাতে আহত হয়ে থাকতে পারেন।” খোকা হাসপাতালের ৪১৭ নম্বর কেবিনে রয়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, জাতী সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আব্দুর রব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, খালেদা জিয়ার উপদেষ্টা ওসমান ফারুক ও মোসাদ্দেক আলি ফালু প্রমুখ নেতা সদ্য সাবেক মেয়র খোকাকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। দুপুরে পুলিশ বাসায় পৌঁছে দেওয়ার পর খোকার হাসপাতালে ভর্তি প্রসঙ্গে বিএনপি নেতারা বলেছিলেন, আদালতপাড়ায় ছাত্রলীগের কর্মীদের ছোড়া ইটে আহত হন খোকা। ঢাকা সিটি কর্পোরশেনকে দুই ভাগ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে রোববার সকাল-সন্ধ্যার এ হরতাল ডাকে বিএনপি। সোমবার সমাবেশ খোকার ওপর ‘হামলার’ প্রতিবাদে সোমবার ঢাকায় বিএনপি প্রতিবাদ সমাবেশ করবে বলে প্রেস ব্রিফিংয়ে বলেন মির্জা ফখরুল। দুপুর আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “এ আক্রমণ গণতন্ত্রের ওপর ছুরিকাঘাত।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ঢাকা বিভক্তি’ নিয়ে দলের পরবর্তী কর্মসূচি সোমবার সমাবেশের পর জানানো হবে। খোকার সঙ্গে আদালতপাড়ায় গ্রেপ্তারকৃত শ্রমিক দলের মহানগর সভাপতি নুরুল ইসলাম খান নাসিমের ওপর ‘আওয়ামী লীগ সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে দাবি করে এরও নিন্দা জানান তিনি। সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, শ্রমিক দলের মতিঝিল থানা সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জে কে লাবলু, তেজগাঁও থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এস এম খান সোহেল, রমনা থানার প্রচার সম্পাদক জুয়েলসহ আড়াই শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। সরকারের ‘দমননীতির’ সমালোচনা করে তিনি বলেন, “রোববারের শান্তিপূর্ণ হরতালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আমাদের নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলা দিয়েছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।” প্রধানমন্ত্রীর সমালোচনা ঢাকা বিভক্তির প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ‘পালনের জন্য’ দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে রাজধানীবাসীকে ‘অভিনন্দন’ জানান ভারপ্রাপ্ত মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য বহুমাত্রিক অন্যায় অন্যায্য ও বেআইনি কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছেন। একের পর এক গণবিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন।” “এক্ষেত্রে তিনি দেশকেও বিক্রি করতে দ্বিধা করছেন না।”- দাবি করেন মির্জা ফখরুল। সরকারের পররাষ্ট্রনীতিকে ‘প্রভুমুখী’ অভিহিত করে এরও সমালোচনা করেন তিনি। নির্বাচন প্রসঙ্গ ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশে নির্বাচন ‘সরকারের সাজানো নাটক ছাড়া কিছুই নয়’ বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, “এখন স্থানীয় সরকার থেকে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়ার কথা শুনছি।” “এদিকে কয়েকদিন আগে নির্বাচন কমিশনই বলেছে, ৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না। এ থেকে বোঝা যায়- এটি সরকারের সাজানো নাটক।”- যোগ করেন মির্জা ফখরুল। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে গত ২৯ নভেম্বর সংসদে পাস হওয়া বিল রাষ্ট্রপতির সইয়ের পর ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে। এ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে রোববার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার। তবে একাধিক নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। সিটি কর্পোরেশনের দুই প্রশাসক নিয়োগকে ‘সংবিধান পরিপন্থী’ অভিহিত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “জনমত উপেক্ষা করে সরকার তড়িঘড়ি করে সংসদে বিল পাস এবং প্রশাসক নিয়োগ করেছে। একটি নির্বাচিত প্রতিষ্ঠানে অনির্বাচিত প্রশাসক নিয়োগ করা সরকার সংবিধানের মূলনীতির পরিপন্থী কাজ করেছে।” বিভক্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনে রোববারই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এনআইএইচ/এলএইচ/পিডি/১৯০৭ ঘ.