ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে পুলিশি হেফাজতে নেওয়ার প্রতিবাদ জানিয়ে বিএনপি বলছে, তাকে গ্রেপ্তার করা হলে আন্দোলন আরো জোরদার করা হবে।
হরতালের মধ্যে রোববার দুপুরে খোকাকে পুলিশ তাদের হেফাজতে নেওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুরান ঢাকার আদালতপাড়ায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষের পর ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকাকে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশ অবশ্য বলছে, খোকার নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ফখরুল নয়া নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে দুপুর ১টার দিকে সাংবাদিকদের বলেন, “আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম, সাদেক হোসেন খোকাকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তার শান্তিপূর্ণ হরতালে ধারাবাহিক নির্যাতনেরই অংশ।”
“এই গ্রেপ্তারে সরকার যদি মনে করে, ঢাকা এক করার আন্দোলন দমানো যাবে, এটা তাদের ভুল ধারণা। এর ফলে আন্দোলন আরো বেগবান হবে,” বলেন তিনি।
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। দুটি সিটি কর্পোরেশন গঠনের পর দুটিতে প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে মেয়রের পদ থেকে বিদায় হলো বিএনপি নেতা খোকার।
অনির্বাচিত ব্যক্তিকে নিয়োগ অসাংবিধানিক হয়েছে দাবি করে ফখরুল বলেন, “এই নিয়োগের মাধ্যমে তারা স্বেচ্ছাচারিতার আরেক প্রমাণ রাখল।”
“একদিকে সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেছে, অন্যদিকে তারা নির্বাচিত প্রতিনিধি অপসারণ করে অনির্বাচিত প্রশাসক নিয়োগ করছে,” বলেন তিনি।
বিএনপি নেতা দাবি করেন, হরতালে ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে।
“কিন্তু পুলিশ আমাদের নেতা-কর্মীদের রাস্তায় নামতে দিচ্ছে না,” বলেন তিনি।
হরতাল চলাকালে বিভিন্ন স্থানে পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের নিন্দা জানান ফখরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২৫ ঘ.
bdnews24