ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন ভাগের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে পুরান ঢাকায় সংঘর্ষের পর সাদেক হোসেন খোকাকে পুলিশের হেফাজতে নেওয়াই ছিলো বড় ঘটনা।
রোববার দুপুরে আদালতপাড়া থেকে সদ্য বিদায় নেওয়া মেয়র খোকাকে পুলিশ ভ্যানে তুলে নেওয়ার এক ঘণ্টার মধ্যেই তাকে গুলশানে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মেয়রের ওই বাড়ি থেকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
খোকাকে ভ্যানের তোলার আগে সেখানে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়, ভাংচুর হয়ে বেশ কয়েকটি গাড়ি, আগুন দেওয়া হয় পুলিশের একটি গাড়িতে।
দলের ঢাকা মহানগরের আহ্বায়ক খোকাকে পুলিশ ভ্যানে তোলার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, তাকে গ্রেপ্তার করা হলে আন্দোলন জোরদার হবে।
অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, গাড়ি ভাংচুরে জড়িত থাকলে খোকাকে গ্রেপ্তার করা হবে।
ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করায় মেয়রের পদ হারিয়েছেন নয় বছর ধরে এ দায়িত্ব পালনকারী বিএনপি নেতা খোকা। তাকে সরাতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি বিএনপির। ফলে খোকাই ছিলেন এ হরতালের কেন্দ্রে।
হরতালের সমর্থনে সকালে ধোলাইখাল এলাকায় মিছিল নিয়ে পুলিশের বাধার মুখে পড়েন খোকা। এরপর বিভিন্ন গলিতে মিছিল নিয়ে আদালতপাড়ায় যান তিনি।
আদালত এলাকা থেকে খোকা মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এর পরপরই সংঘর্ষ বেঁধে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতে বদানুবাদের এক পর্যায়ে এক পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হলে পুলিশ সদস্যরা লাঠি চালায়।
পুলিশের লাঠিপেটা শুরু হলে বিএনপিকর্মীরা আদালত চত্বরে থাকা ডজনখানেক গাড়ি ভাংচুর করে। তারা আগুন দেয় পুলিশের একটি ভ্যানে এবং দুটি মটর সাইকেলে। আদালতপাড়ায় কয়েকটি বাসও ভাংচুর হয়।
আগুন ধরানোর পরপরই অবশ্য অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা তা নিভিয়ে ফেলে।
এরপর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে খোকা আশ্রয় নেন আদালতে বিএনপি সমর্থক এক আইনজীবীর চেম্বারে। এরপরই পুলিশ মিছিলকারীদের ধরতে ধাওয়া করে। তখন মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তখন খোকাসহ মিছিলকারীদের অনেকেই ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইকবাল হোসেনের কক্ষে আশ্রয় নেয়।
এরপর পুলিশ ইকবাল হোসেনের কক্ষে ঢুকে পড়ে। প্রথমে তারা ইকবালকে তার কক্ষ থেকে টেনে হিঁচড়ে বের করে আনে। তবে আইনজীবীদের প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দেয়। পুলিশের কয়েকজন কর্মকর্তা এরপর খোকাকে বের করে নিয়ে যায়। ওই সময় তার হাত ধরেও এক কর্মকর্তাকে টানাটানি করতে দেখা যায়। খোকাকে সোয়া ১২টার দিকে পুলিশ তাকে নিয়ে পুলিশ ভ্যানে তোলে।
এদিকে পুলিশ ব্যাপক লাঠিপেটা শুরুর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজের ছাত্রলীগকর্মীরাও আদালত চত্বরে ঢুকে বিএনপিকর্মীদের মারধর করে। অন্যদিকে হরতালবিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।
এই গোলযোগের মধ্যে পুলিশ খোকাকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের একদল কর্মী ইট ছুড়তে থাকে। তারা খোকার ওপর হামলার চেষ্টা চালালেও পুলিশি বাধার কারণে সফল হয়নি।
খোকাকে তুলে নেওয়ার পর বিএনপি সমর্থিত আইনজীবীদের এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ইকবাল বলেন, “হরতালের সমর্থনে আইনজীবীরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ ঢাকা বারে ঢুকে আইনজীবীদের ওপর হামলা চালায়।”
খোকার তার কার্যালয়ে অবস্থান নেওয়ার বিষয়ে তিনি বলেন, “সাবেক সিটি মেয়র আমার চেম্বারে মামলার বিষয়ে এসেছিলেন। পুলিশ অতর্কিত আমার চেম্বারে হামলা করে তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।”
এদিকে দুপুর সোয়া ১টার দিকে খোকাকে গুলশানে ঢাকার মেয়রের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, তিনি এখনো ওই বাড়িতেই থাকছেন। এরপর তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বিএনপি নেতারা জানিয়েছেন, আদালতপাড়ায় ছাত্রলীগের কর্মীদের ছোড়া ইটে আহত হয়েছেন খোকা।
খোকাকে তুলে নেওয়ার পরপরই ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে গ্রেপ্তার করা হয়নি। উনার নিরাপত্তার জন্য আমরা তাকে হেফাজতে এনেছি।”
পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলযোগের মধ্যে বিএনপি নেতার নিরাপত্তার স্বার্থেই পুলিশ তাকে হেফাজতে নেওয়া হয়। এরপর তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে খোকা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “যদি সাদেক হোসেন খোকা গ্রেপ্তার হন, তবে ধরে নিতে হবে তিনি গাড়ি পোড়ানোর হোতা ছিলেন, অথবা হরতালে নৈরাজ্য করেছেন।
“হরতালে নৈরাজ্য করলে সে খোকা মিয়াই হোক বা যে মিয়াই হোক তাকে গ্রেপ্তার করা হবে,” বলেন তিনি।
ডিসিসি ভাগ নিয়ে মদভেদ থাকলেও তা সাংঘর্ষিক পর্যায়ে না নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
একই সময়ে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম, সাদেক হোসেন খোকাকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তার শান্তিপূর্ণ হরতালে ধারাবাহিক নির্যাতনেরই অংশ।”
“এই গ্রেপ্তারে সরকার যদি মনে করে, ঢাকা এক করার আন্দোলন দমানো যাবে, এটা তাদের ভুল ধারণা। এর ফলে আন্দোলন আরো বেগবান হবে,” বলেন তিনি।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই অবরুদ্ধ রয়েছেন ফখরুলসহ বিএনপি নেতারা। সেখানে সকালে একটি মিছিলের চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।
হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের মিছিলে পুলিশ বাধা দিলেও সরকার সমর্থকদের হরতালবিরোধী বেশ কিছু মিছিল বিনা বাধায় হতে দেখা গেছে।
সংসদ ভবন দক্ষিণ প্লাজায় সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, আশরাফ উদ্দিন নিজান, রেহানা আক্তার রানু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ বিএনপির বেশ কিছু সংসদ সদস্য সকালে মিছিলের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বিএনপির সংসদ সদস্যদের কিছু সময় বাদানুবাদও হয়।
সকাল ৮টায় গুলশান-২ নম্বরে মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফার নেতৃত্বে একটি মিচিল বের হলে পুলিশ ধাওয়া দেয়। এছাড়াও বিভিন্ন স্থানে মিছিলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।
অন্যদিকে নগর ভবনে সিটি কর্পোরেশনের সরকার সমর্থক কর্মচারীরা হরতালবিরোধী মিছিল করছে। মহাখালীসহ বিভিন্ন এলাকায়ও সরকার সমর্থকদের মিছিল হয়েছে।
হরতালে ঢাকার সড়কগুলোতে গাড়ি চলাচল কম ছিলো। স্বল্প সংখ্যক বাস চলেছে, চলেছে কিছু অটোরিকশাও। বড় সড়কে রিকশা ছিল অনেক। কমলাপুর থেকে ট্রেন এবং সদরঘাট থেকে লঞ্চ চলাচল করে। বিমান চলাচলও স্বাভাবিক।
হরতালের মধ্যে অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। সচল ছিল পুঁজিবাজারও। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেটি/পিবি/এলএইচ/এসআই/এএসটি/এসএইচএ/এসআইটি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24