২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হরতাল শুরু

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে দলটির কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটার মধ্য দিয়ে ডিসিসি ভাগের প্রতিবাদে বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 05:46 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে দলটির কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটার মধ্য দিয়ে ডিসিসি ভাগের প্রতিবাদে বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল ডাকা হয়েছে। হরতালের আগের দিন শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে বিএনপির দাবি। শনিবার দুটি বাসেও আগুন দেওয়া হয়েছে। সকাল ৫টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের একদল নেতা-কর্মীকে পেটায় পুলিশ। তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে চেয়েছিলো। শুধু দলের যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভীকে কার্যালয়ে ঢুকতে দিয়েছে পুলিশ। অন্যদের পিটিয়ে ওই এলাকা থেকে হটিয়ে দেওয়া হয়েছে। ঢাকার অন্যস্থানগুলোতে পিকেটারদের তেমন তৎপরতা চোখে পড়েনি। হরতালে ঢাকার সড়কগুলোতে গাড়ি চলাচল কম। স্বল্প সংখ্যক বাস চলছে, চলছে কিছু অটোরিকশাও। বড় সড়কে রিকশা চলছে অনেক। কমলাপুর থেকে ট্রেন এবং সদরঘাট থেকে লঞ্চ চলাচল করছে। বিমান চলাচলও স্বাভাবিক। ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন বিল বিএনপির প্রবল আপত্তির মধ্যেই গত ২৯ নভেম্বর সংসদে পাস হয়। এর পরদিন রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় বিএনপি। এর মধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। ডিসিসি ভাগের সিদ্ধান্ত বাতিল না হলে হরতালের পর লাগাতার আন্দোলনেরও হুমকি দিয়েছে বিএনপি। এই আইনের মাধ্যমে আগের ডিসিসির স্থলে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি সিটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে। রিজভী শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, হরতালের প্রচারপত্র বিলির সময় পুলিশ ৮৫ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে হরতালের আগের রাতে মিরপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা বাস দুটিতে আগুন দেয় তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এসএম/এমআই/০৮৪০ ঘ.