ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে বসে তিনি সাংবাদিকদের বলেন, “এভাবে রাজনৈতিক কার্যালয়কে অবরুদ্ধ করে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এটা গণতন্ত্র পরিপন্থী। সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিস্ট কার্যক্রমে গণতন্ত্র ইঞ্চি ইঞ্চি করে ছোট হয়ে আসছে।”
ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার প্রতিবাদে বিএনপি রাজধানীতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল ডেকেছে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সকাল থেকে ঘিরে রেখেছে পুলিশ। কোনো কর্মীকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কার্যালয়ের মূল ফটকের সামনে ফখরুল নেতাদের নিয়ে বসে আছেন। তিনি সকাল সোয়া ৭টার দিকে তিনি কার্যালয়ে আসেন। সেখানে রয়েছেন- আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
ভোর সাড়ে ৫টায় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম ও হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ২০/২৫ জন নেতা-কর্মী মিছিল নিয়ে কাকরাইলের দিকে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দেয়।
সকাল সোয়া ১০টার দিকে বিএনপি কার্যালয়ের সামনের সড়ক থেকে দুজনকে তুলে ভ্যানে উঠিয়ে নেয় পুলিশ। তাদের নাম জানা যায়নি।
ফখরুল বলেন, “সরকার হরতালে মোবাইল কোর্ট বসিয়ে জনগণের মৌলিক অধিকারকে গলাটিপে হত্যা করার চেষ্টা করছে। এরপরও শত বাধা বিপত্তির মধ্যেও শান্তিপূর্ণভাবে ঢাকাবাসী হরতাল পালন করছেন।”
ঢাকার বিভিন্ন স্থান থেকে শতাধিক বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে রিকশা ছাড়া অন্য কোনো গাড়ি চলছে না। ওই এলাকার সব দোকানপাট বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৪২ ঘ.
bdnews24