২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ

তিন দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগ। শনিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। তবে কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলবে। বাংলাদেশ ছাত্রলীগের শাবি শাখা আহবায়ক শামসুজ্জামান চৌধুরী সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের দাবি না মানলে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলবে। এ সময় কোনো ক্লাস, পরীক্ষা হবে না। তিনি বলেন, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজে অনিয়মের বিরুদ্ধে কথা বলায় প্রশাসন এবং ঠিকাদার প্রতিষ্ঠানের জোগসাজশে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তাদের দাবিগুলো হলো ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মামলার বাদী নির্মাণ প্রতিষ্ঠান মেসার্স হাবিব মালিথাকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ থেকে প্রত্যাহার এবং দ্বিতীয় ছাত্রহল নির্মাণ কাজে অনিয়মের জন্য সাময়িক বহি®কৃত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী আব্দুল করিমের স্থায়ী বহিষ্কার। বিশ্ববিদ্যালয় প্রক্টর হিমাদ্রি শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্মঘট সম্পর্কে তিনি কিছুই জানেন না। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক সকল কার্যক্রম চলবে বলেও তিনি জানান। গত ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়াম নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাবিব মালিথার কাছে চাঁদাবাজি ও ওই প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার নজরুল ইসলামকে মারধরের অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেটের জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির মালিক হাবিব মালিথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৪ ঘ.