২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল বন্ধ করুন: বিএনপি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে এর কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে এর কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, “এই ট্রাইব্যুনালে অভিযুক্তদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই আদালতের প্রতি বিএনপির কোনো আস্থা নেই।” “এর কার্যক্রম পূর্ব নির্ধারিত ছক অনুযায়ী লোক দেখানো বিচার সম্পাদন ও ফরমায়েশি সাজা প্রদানেরই নামান্তর। বিএনপি দাবি করছে- অবিলম্বে এই ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল করা হোক।” একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচারের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। এ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ পাঁচ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচার চলছে। এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে এরইমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী মওদুদ অভিযোগ করেন, “সরকার টালবাহানা করে এই ট্রাইব্যুনালকে একটি অভ্যন্তরীণ আদালত হিসেবে অভিহিত করেছে। কিন্তু অভিযুক্তদের সম-অধিকার প্রদানে নিশ্চয়তা দেয় এমন সব আইনগুলো স্থগিত রেখেছে।” “সালাহউদ্দিন কাদের চৌধুরীর অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষ এক বছর যাবত মামলার কার্যক্রম চালিয়েছে। অথচ অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মাত্র তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। রাষ্ট্র ও অভিযুুক্ত পক্ষ সমান সুযোগ পাওয়ার কথা থাকলেও এক্ষেত্রে তা হয়নি”, যোগ করেন তিনি। অবশ্য মওদুদ এও বলেন, “বিএনপি সত্যিকারের যুদ্ধাপরাধে বিচার চায়। তবে সেই বিচার হতে হবে দেশের প্রচলিত আইনে, যাতে এই বিচার নিয়ে জনমনে যেন কোনো সন্দেহ না থাকে।” নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সেলিমা রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, সাবেক এর্টনি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সাবেক মন্ত্রী আমিনুল হক, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৬০৮ ঘ.