২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মেয়র প্রার্থী ১০ জন

আফজল খানের পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দুজন এবং জাতীয় পার্টির এক নেতা। প্রার্থী হয়েছেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কুও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

কুমিল্লা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার এক জন এবং শুক্রবার নয় জন মনোনয়নপত্র জমা দেন পুরাতন জেলা পরিষদ ভবনে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এছাড়া ২৭টি ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৪২ জন। এর মধ্যে মহিলা রয়েছেন ৭০ জন। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন এ তথ্য জানিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আফজল খান, আওয়ামী লীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, নাগরিক কমিটির ব্যানারে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, শিরিন আক্তার, সালমান সাঈদ, মামুনুর রশিদ, চঞ্চল কুমার ঘোষ ও হাসানুল আলম। এদিকে প্রচার চালিয়ে এলেও সেনা মোতায়েন করা এবং ইভিএম পদ্ধতি বাতিলের দাবিতে মনোনয়নপত্র জমা দেননি জামায়াতে ইসলামী নেতা কাজী দ্বীন মোহাম্মদ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ ইয়াছিন আগেই জানিয়েছিলেন, ইভিএমে ভোট হলে তিনি নির্বাচনে যাবেন না। গত ২২ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নির্বাচনের সময়সূচি (তফসিল) ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, শুক্রবার ছিল মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে। সকালে মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শহর শাখার আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, সেনা মোতায়েন না হলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। অন্যদিকে ইভিএম পদ্ধতিতে ভোট হলে কারচুপির সুযোগ থাকবে। দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা ও কুমিল্লা পৌরসভার বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। তিনি সাংবাদিকদের বলেন, “যাদের সঙ্গে ৩৩ বছর রাজনীতি করি, তাদের সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র জমা দিয়েছি। শেষ পর্যন্ত লড়ে যাবো। স্থানীয় সরকার নির্বাচন বলে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিতে বলেছিলো দল। এলাকায় কথা বলে বাধ্য হয়েছি নির্বাচনে অংশ নিতে।” দলের আরো কয়েকজন প্রার্থী হওয়ার বিষয়ে আওয়ামী লীগ নেতা আফজল খান বলেন, “বিদ্রোহী প্রার্থী বলতে কিছু দেখি না। ছেলেপেলে তো দুষ্টামি করতেই পারে। এখনো তো প্রত্যাহারের সময় আছে। দলের দায়িত্ব তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করানো।” জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, “পত্রপত্রিকায় কুমিল্লায় অনেক অস্ত্রের ছবি দেখেছি। নির্বাচনের আগে যেন এসব অস্ত্র উদ্ধার করা হয়।” গত জুলাইয়ে দুটি পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হয়। নতুন এই সিটি কর্পোরেশনে একজন মেয়র, সাধারণ ওয়ার্ডে ২৭ জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হবেন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির উপ সচিব ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন। তার সঙ্গে থাকবেন নয় জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। আয়তনের দিক দিয়ে কুমিল্লাই দেশের সবচে ছোট সিটি কর্পোরেশন। সেখানে ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৭৪ জন। ৬৫টি ভোটকেন্দ্রের ৪২১টি ভোটকক্ষে এবার ভোটগ্রহণ হবে। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারি। ফলে কুমিল্লাই হবে এ কমিশনের অধীনে সিটি কর্পোরেশনের শেষ নির্বাচন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.