২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতাকে মারপিট করায় যুবদল নেতার কারাদণ্ড

বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম রিপন সিকদারকে কুপিয়ে আহত করায় জেলা যুবদলের সভাপতিসহ ছয় জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

বরগুনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম রিপন সিকদারকে কুপিয়ে আহত করায় জেলা যুবদলের সভাপতিসহ ছয় জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বরগুনা যুগ্ম জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- জেলা যুবদলের সভাপতি তালিমুল ইসলাম পলাশ, রিপন, জসিম, নাসির উদ্দিন, তুহিন ও রুহুল আমিন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দু’আসামি হুমায়ূন ও ননীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০০১ সালের ৩ ডিসেম্বর রিপন সিকদারকে পানি উন্নয়ন বোর্ডের দরপত্র সংক্রান্ত বিরোধে কুপিয়ে আহত করা হয়। রিপনের ছোট ভাই মিসকাতুল ইসলাম মিলন সিকদার বাদি হয়ে সেদিনই ১৫ জনকে আসামি করে মামলা করেন। পরে আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫০০ ঘ.