২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের বিপদের সময়ের অবদান বিবেচনা হবে: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের বিপদের সময়ের অবদান বিবেচনা করে সংরক্ষিত পাঁচটি নারী আসনে সরকারি দল মনোনয়ন দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 06:23 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের বিপদের সময়ের অবদান বিবেচনা করে সংরক্ষিত পাঁচটি নারী আসনে সরকারি দল মনোনয়ন দেবে। জাতীয় সংসদে সংরক্ষিত পাঁচ নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে রোববার রাতে গণভবনে সাক্ষাৎকারের সময় তাদের উদ্দেশে বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় সংসদের সংরক্ষিত পাঁচ আসনের বিপরীতে ১৭৯ জন আবেদন করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত খুশি হয়েছি। এটা দেখে মনে হচ্ছে, জাতীয় সংসদে আগামীতে সমান সমান নারী ও পুরুষ সদস্য পাওয়া যাবে।” মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “যারা মনোনয়ন পেতে আগ্রহী, আবেদন করেছেন সবাই যোগ্য ও দক্ষ। দলে আপনাদের অবদান আছে। এর ভেতর থেকে পাঁচ জনকে মনোনয়ন দেওয়া কঠিন কাজ।” “তবে যারা দলের রাজনীতিতে অবদান রেখেছেন ও বিভিন্ন দিকে যোগ্যতার প্রমাণ দিয়েছেন, দলের বিপদের সময় বিশেষ করে ওয়ান ইলেভেনের পর যারা মাঠে থেকে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন সার্বিক বিবেচনায় আমরা তাদেরকে মনোনয়ন দেবো।” তিনি জানান, দলের সংসদীয় বোর্ডের আরেকটি সভা ডেকে পাঁচ জনের মনোনয়ন চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন চায় না মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, “এবার ১৭ জন বিজয়ী হয়ে এসেছে। আগামীতে আরো আসবে। আমরা চাই সংসদে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ থাকবে।” পরে মনোনয়ন প্রত্যাশীদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সংসদীয় বোর্ডের এ সভায় আওয়ামী লীগের নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরুল¬াহ, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট আবদুল মান্নান খান উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে সংরক্ষিত ওই পাঁচ আসনের নারী সংসদ সদস্য নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল শেষ, ১ ডিসেম্বর যাচাই-বাছাই এবং ৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/০০১৯ ঘ.