সিলেট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানী নগরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অম্যান্য করার অভিযোগে ওসমানী নগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গয়াছ মিয়াকে আটক করেছে পুলিশ।
বালাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওসমানীনগর থানা বিএনপি ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে শনিবার বেলা ৩টায় গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। সিলেট জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন উপলক্ষে থানা আওয়ামী লীগ একই সময়ে সেখানে আনন্দ মিছিল করার ঘোষণা দেয়।
“এই পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বেলা ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ-জমায়েত নিষিদ্ধ করা হয়েছে”, বলেন জহিরুল।
ওসমানী নগর থানার ওসি আল-আমিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৪৪ ধারা ভঙ্গ করায় গয়াছ মিয়াকে আটক করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬২৫ ঘ.
bdnews24