ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে প্রার্থী হবেন না- এমন ঘোষণা দিয়ে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ না করার আহ্বান জানিয়েছেন দীর্ঘ ৯ বছর ধরে মেয়র পদে থাকা সাদেক হোসেন খোকা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন তিনি বলেন, “ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখণ্ডিত না করে অবিলম্বে নির্বাচন দিন। আমি পরবর্তী নির্বাচনে প্রার্থী হব না।”
“নির্বাচনের তফসিল ঘোষণা হলেই আমি পদত্যাগ করবো,” যোগ করেন বিএনপির সহ সভাপতি।
খোকা বলেন, এ ব্যাপারে সরকার আলোচনার জন্য ডাকলে তিনি বসতেও রাজি আছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারের এ সিদ্ধান্ত তুঘলকি কাণ্ড। ঢাকাকে দুই ভাগ করা হলে এবং বিএনপি আগামীতে ক্ষমতায় এলে ঢাকার অখণ্ডতা ফিরিয়ে আনা হবে।”
প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে গত ২৩ নভেম্বর জাতীয় সংসদে একটি বিল তোলা হয়। এর আগে এ প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিপরিষদ। ঢাকার ৯২টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে।
বিলটি সংসদে পাস হলে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত হবে এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার দুই সিটি কর্পোরেশনের জন্য দুজন প্রশাসক নিয়োগ করতে পারবে। তাহলে বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা এবং কাউন্সিলররা আর তাদের পদে বহাল থাকতে পারবেন না।
সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে হতাশা প্রকাশ করেছেন মেয়র খোকা। তার দল বিএনপি বলে আসছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের লোক বসাতে চায় বলেই দুটি সিটি কর্পোরেশন করছে।
শুক্রবার রাতে মেয়র সংবাদ সম্মেলন ডাকার পর থেকেই গুঞ্জন শুরু হয়- পদত্যাগ করার ঘোষণা দিতে সাংবাদিকদের ডেকেছেন তিনি।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে যতোদিন দায়িত্ব পালন করা সম্ভব, তিনি তা করবেন।
সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন শুরুর আগেই কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা প্রেসক্লাবে জড়ো হতে শুরু করেন। তাদের উপস্থিতিতে খোকা বলেন, সরকার ‘বিনা মেঘে বজ্রপাতের’ মতো সিটি করপোরেশনকে দুুই ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। ‘উদ্ভট’ এ পদক্ষেপ নাগরিকদের জন্য সহায়ক হওয়ার পরিবর্তে বিপর্যয় ডেকে আনবে।
“সিটি করপোরেশনকে ভাগ করার মানে নগরবাসীর হৃদয়কে দুভাগ করে দেওয়া।”
সরকারের এ সিদ্ধান্তে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা।
তিনি বলেন, “সাংবাদিক বন্ধুগণ, ব্যাপারটা এমন নয় যে এজন্য আমি বেদনা ভারাক্রান্ত মন নিয়ে সংবাদ সম্মেলন করছি। এ শহরের ধূলাবালি মেখে আমি বড় হয়েছি, আমার চোখের সামনে ঢাকা কোটি মানুষের শহরে পরিণত হয়েছে।
“শুধু আমরা যারা ঢাকায় বড় হয়েছি তারা নয়, যারা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে বসত গড়েছে তারাও ঢাকাকে গভীরভাবে ভালোবাসে, তাই সরকার কেন গণমানুষের ভালবাসাকে দ্বিখণ্ডিত করে সিটি কর্পোরেশনকে ভাগ করছে তা রহস্যজনক বলে মনে হচ্ছে আমার।”
ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, মোঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬০৮ সালে ঢাকার গোড়াপত্তন হয়। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। ১৮৬৪ সালে ঢাকা পৌরসভায় উন্নীত হয়। ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী হয় শহরটি।
১৯৭৮ সালে পৌরসভা থেকে মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় ঢাকা। ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম হয় ঢাকা সিটি কর্পোরেশন। আর ২০০২ সালে এই কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন খোকা। তিনি এ কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচিত মেয়র।
তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেলেও নতুন করে নির্বাচন না হওয়ায় ওই পদে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন তিনি।
সংবাদ সম্মেলনে এই বিএনপি নেতা দাবি করেন, “দীর্ঘদিন কোনো জনপ্রতিনিধি ক্ষমতায় থাকলে তার জনপ্রিয়তা হ্রাস পায়। আর আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। এ জন্য সরকার নির্বাচন দিতে ভয় পাচ্ছে। আমাকে সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগ সম্ভব নয়। তাই আমার জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার এই কাজ করছে।”
মেয়াদের প্রায় দ্বিগুণ সময় মেয়র থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে খোকা বলেন, “মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা আঁকড়ে থাকার কোনো ইচ্ছা আমার ছিলো না। তত্ত্বাবধায়ক সরকার দেশের অন্য সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন সম্পন্ন করলেও ঢাকার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।”
নির্বাচন কমিশন ঢাকায় নির্বাচন অনুষ্ঠানের প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করলেও সরকার সহযোগিতা না করায় নির্বাচন সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।
গত ৯ বছরে ঢাকার অনেক উন্নয়ন কাজ হয়েছে দাবি করে খোকা বলেন, “২০০২ সালের ১৫ মে দায়িত্ব গ্রহণের সময় এ সিটি কর্পোরেশন ৬৩১ কোটি টাকা দেনার দায়ে আবদ্ধ ছিলো। ওই দেনা শোধ করে বর্তমানে তিন কোটি ৭৮ লাখ টাকার নগদ স্থিতি রয়েছে কর্পোরেশনের ফান্ডে।”
অন্যদের মধ্যে ৪৭ নম্বর ওর্য়াড কমিশনার কাজী আবুল বাশার, ৩২ নম্বর ওর্য়াড কমিশনার মকবুল আহমেদ আকন্দ, ৫১ নম্বর ওর্য়াড কমিশনার আব্দুল লতিফ ও ২৯ নম্বর ওর্য়াড কমিশনার শামসুল হুদা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১২২৫ ঘ.
bdnews24