২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলির ওপর হামলা: পাল্টাপাল্টি তিন মামলা

চট্টগ্রাম আদালত ভবনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদের ওপর যুবলীগ কর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই পক্ষ তিনটি মামলা দায়ের করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 05:20 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদের ওপর যুবলীগ কর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই পক্ষ তিনটি মামলা দায়ের করেছে। চট্টগ্রাম কোতোয়ালি থানায় বৃহস্পতিবার রাত ২টার পর মামলাগুলো নথিভুক্ত করা হয় বলে জানিয়েছেন থানার ওসি আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, অলিসহ এলডিপির ৪১ নেতাকর্মীর নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটিতে প্রধান আসামি করা হয়েছে সাংসদ অলি আহমদকে। অন্যদিকে এলডিপির পক্ষ থেকে আরেকটি মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। তিন মামলাতেই হামলা, ভাঙচুর ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ আনা হয়েছে। নারী সংসদ সদস্যকে কটাক্ষ করে বক্তব্য রাখার অভিযোগে একটি মানহানির মামলায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আদালত ভবনে জামিন নিতে গিয়ে সরকার সমর্থকদের হামলার মুখে পড়েন অলি। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময়ও তার ওপর হামলা হয়। এ সময় এলডিপি সমর্থক, আইনজীবী ও সাংবাদিকসহ কয়েকজন আহত হন। চন্দনাইশের আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী আফতাব মাহমুদ শিমুলের করা এ মামলায় অলিকে জামিন দিয়েছে আদালত। তবে আদালত ভবনে সংঘর্ষের ঘটনায় আফতাব মাহমুদই বাদী হয়ে অলিসহ ১৮ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। ওসি আবুল কালাম আজাদ জানান, এ মামলায় অলি আহমদকে প্রধান করে এলডিপির ১৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ভাংচুর ও হামলার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের নেতা এম ওয়াহিদুজ্জামান চৌধুরী এলডিপির ২৩ নেতা-কর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে অলির ভাতিজা ইয়াকুব কুতুবীকে। তবে অলির নাম এ মামলার এজাহারে নেই। অন্যদিকে এলডিপি চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক দোস্ত মোহাম্মদ ২০ জনের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের অভিযোগে একটি মামলা করেছেন। এতে ১ নম্বর আসামি করা হয়েছে চন্দনাইশের যুবলীগ নেতা আবু আহমদ ঝুনুকে। দোস্ত মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যুবলীগের সন্ত্রাসী। আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার তাদের হামলায় এলডিপির নেতা কর্মীরা আহত হয়েছেন। এখন নিজেদের অপরাধ আড়াল করতে তারা দুটি মামলা করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/১০৫০ ঘ.