ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এলডিপি সভাপতি অলি আহমদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে হামলার পর বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, “আমরা মনে করি, হত্যার উদ্দেশ্য নিয়ে পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে অলি আহমদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই।”
নারী সংসদ সদস্যদের নিয়ে একটি মন্তব্যের জের ধরে মানহানির মামলায় সকালে চট্টগ্রামের আদালতে হাজির হয়ে সরকার সমর্থকদের তোপের মুখে পড়েন অলি আহমদ। আদালত প্রাঙ্গণে সংসদ সদস্য অলির গাড়ি লক্ষ্য করে জুতা ও ইট ছোড়া হয়।
জিয়াউর রহমানের ঘনিষ্ঠজন বলে পরিচিত অলি ২০০৬ সালে বিএনপি ছাড়েন। এরপর তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন, যা গত নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ছিল। তবে এখন দলটি বিএনপির সঙ্গে সরকার পতনের আন্দোলনে যোগ দিয়েছে।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনে অলি সম্পৃক্ত হওয়ার কারণেই ক্ষমতাসীনরা তার প্রাণশক্তি স্তব্ধ করে দিতে চায়। চট্টগ্রামে তারা হায়নার মতো তার ওপর ঝাঁপিয়ে পড়েছে।”
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার খুলনা রোড মার্চের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিএনপির যুগ্মমহাসচিব।
শনিবার সকাল ১০টায় উত্তরার হাউজ বিল্ডিং থেকে রোড মার্চ শুরু হবে। গাজীপুর, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ হয়ে প্রথম দিন যশোরে বিরতি হবে। ২৭ নভেম্বর খুলনা গিয়ে রোড মার্চ শেষ হবে।
রিজভী অভিযোগ করেন, রোড মার্চের প্রচারে বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে।
উদাহরণ হিসেবে মেহেরপুরের গাংনীতে লিফলেট বিলিতে পুলিশের বাধা দেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫০ ঘ.
bdnews24