ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চ শেষ হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে সে লক্ষ্যে প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার ধামরাইয়ে এক সমাবেশে তিনি এ আহ্বান জানিয়ে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে নির্বাচনের দাবিও জানান।
এক ঘণ্টার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের ‘ব্যর্থতা’, দুর্নীতি, টিপাইমুখ বাঁধ নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন। গোপন চুক্তি করে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল আয়োজিত এ সমাবেশে ছেলের জন্য দোয়াও চান তিনি।
হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠের ওই সমাবেশে খালেদা বলেন, “জনগণ আজ জেগেছে। সরকারের বিরুদ্ধে তারা ফুঁসে উঠেছে। এ দেশকে রক্ষা করতে হলে এ সরকারকে হটাতে হবে।”
“রোড মার্চ কর্মসূচিগুলো শেষ হলেই সরকার হটাও কর্মসূচির মাধ্যমে এই সরকারকে হটানো হবে। মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, এবার জালেম সরকারকেব হটিয়ে এদেশকে রক্ষা করবো। এজন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে,” বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ২৬-২৭ নভেম্বর খুলনা অভিমুখে রোড মার্চ করবেন খালেদা। এর সিলেট ও রাজশাহী বিভাগে রোড মার্চ করেছিলেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী নেতা বলেন, “আমি বলবো, সরকারের উচিৎ অবিলম্বে সংসদ ভেঙে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা।”
অর্থনীতি ভালো বলে শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে খালেদা বলেন, “দেশের অর্থনীতি সঙ্কটের মুখে। ব্যাংকে তারল্য সঙ্কট চলছে। প্রতিদিন ঋণ নিয়ে দেশ চালাচ্ছে সরকার।”
পুঁজিবাজার থেকে ১ লাখ কোটি টাকা তুলে নিয়ে তা বিদেশে পাচার হয়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, “তারা ৩৩ লাখ বিনিয়োগকারীর অর্থ ডাকাতি করেছে। ওই অর্থ বিদেশে পাচার করায় দেশে ডলারের দামও বেড়ে গেছে।”
“অতীতে এই সরকারের পরিবারের লোকজন ব্যাংক ডাকাতি করেছিলো। ভিওআইপির মাধ্যমে অর্থ পাচার হচ্ছে। কারা অর্থ বিদেশে পাচার করছে, আমাদের কাছে সব তথ্যপ্রমাণ রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া হবে,” বলেন তিনি।
বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে দাবি করে খালেদা বলেন, “দলীয় লোকজন ও সরকারের আত্মীয়স্বজনকে ভাড়ায়চালিত বিদ্যুৎ প্রকল্প বিনা টেন্ডারে দিয়ে এখন জনগণ থেকে অর্থ আদায় করতে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।
“জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জনদুুর্ভোগ ক্রমশ বাড়ছে। মূল্যস্ফীতি বাড়ছে।”
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে ধামরাইয়ে এই গণজমায়েত হয়।
খালেদা জিয়া বিকাল সাড়ে ৩টায় সমাবেশস্থলে গেলেও বিভিন্ন স্থান থেকে ছাত্রদল ও বিএনপির মিছিলে দুপুর ১টায় ভরে ওঠে পুরো মাঠ।
ছেলে তারেকের জন্য দোয়া চেয়ে খালেদা বলেন, “মইনুদ্দীন-ফখরুদ্দীনের অবৈধ সরকারের নির্যাতনে তার মেরুদণ্ডে প্রচণ্ড আঘাতের এখন চিকিৎসা চলছে। এখনো পুরোপুরি সুস্থ হয়নি।”
আরব বিশ্ব থেকে প্রেরণা নিয়ে সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে জেগে ওঠতে বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য হচ্ছে দাবি করে এর বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুৃকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আবদুল মান্নান, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
সমাবেশে বক্তৃতার আগে ১২ জন ছাত্র-ছাত্রীর হাতে ল্যাপটপ তুলে দেন বিএনপি চেয়ারপারসন। এছাড়া ২৫ জন দরিদ্র মানুষের মধ্যে গরু, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
গত রোববার ছিলো তারেকের জন্মদিন। তাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে তুলে ধরে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৩০ ঘ.
bdnews24