ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে ধামরাইয়ে এক গণজমায়েতে বক্তব্য দেবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়া দুপুরে গুলশানের বাসা থেকে ধামরাইয়ের উদ্দেশ্য রওনা হবেন। ছাত্রদলের আয়োজনে গণজমায়েত হবে লর্ড হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে।
এই সমাবেশের মধ্য দিয়ে তারেকের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের তিনদিনের কর্মসূচি শেষ হবে।
খালেদা জিয়ার বড় ছেলে তারেকের ৪৭তম জন্মদিন ছিলো গত ২০ নভেম্বর। বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে। চিকিৎসার জন্য বর্তমানে সপরিবারে লন্ডনে আছেন তারেক।
ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিকাল ৩টার মধ্যে ধামরাইয়ের ছাত্র গণজমায়েতে পৌঁছাবেন।
“তারেক রহমান তার তৃনমূল রাজনীতির মাধ্যমে প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। সেজন্য তার জন্মদিন উপলক্ষে আমরা তৃণমূল পর্যায়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ল্যাপটপ বিতরণ, গরীব ও দুঃস্থদের মধ্যে হাঁস-মুরগী, গরু-ছাগল, শীতবস্ত্র এবং সেলাই মেশিন বিতরণের কর্মসূচি নিয়েছি। বিএনপি চেয়ারপার্সন এসব সামগ্রী বিতরণ করবেন”, বলেন টুকু।
তিনি জানান, ছাত্র গণজমায়েতের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকার বাইরে এরকম ছাত্র গণজমায়েত এই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩১১ ঘ.
bdnews24