ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বাংলা ভাষার এক সংবাদ সংস্থায় তার দলীয় পদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগের ‘খবর’ নিয়ে মন্তব্য করতে আগ্রহী নন সৈয়দ আশরাফুল ইসলাম।
গত কয়েকদিন ধরে চলা তার পদত্যাগের গুজব প্রসঙ্গে জানতে চাইলে সোমবার রাতে তিনি বলেন, “দেশের কোনো সংবাদ মাধ্যমে এ খবর আসলে তা নিয়ে কথা বলতাম।”
“দেশের বাইরের এক অখ্যাত নিউজ এজেন্সির করা রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করা সমীচীন নয়।”- যোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
মন্ত্রিসভা পুণর্গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “সাংবিধানিকভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যখন খুশি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”
স¤প্রতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগামী নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভা পুনর্মূল্যায়ন করা উচিত।
যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ড পরিবেশিত একটি সংবাদ গত ১৪ নভেম্বর বাংলাদেশের ট্যাবলয়েড মানবজমিন-এর অনলাইন সংস্করণে প্রকাশ হয়।
এতে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে মতপার্থক্যের কারণে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
সেসময় খবরের সত্যতা জানতে চাইলে আওয়ামী লীগ বলেছিল, এটি অসত্য, বানোয়াট খবর।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও মন্ত্রীর পদত্যাগের সংবাদকে গুজব বলে উড়িয়ে দেন সেদিন। তারা জানান, আশরাফ নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। সোমবার সকালেও বাড়িতে বসে কয়েকটি ফাইলে সই করেন তিনি।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে আসেন। অধিকাংশ কেন্দ্রীয় নেতা কারাগারে থাকার কারণে তিনি ওই সময় দলের মুখপাত্র হিসেবে কাজ করেন।
আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে শেখ হাসিনার সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০৫২ ঘ.
bdnews24