২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি প্রশাসনকে ছাত্র শিবিরের আল্টিমেটাম

দলীয় নেতা-কর্মীদের আবাসিক হলে ওঠানোর দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যাল (চবি) প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে ছাত্র শিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা-কর্মীদের আবাসিক হলে ওঠানোর দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যাল (চবি) প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে ছাত্র শিবির। চবির সহকারী প্রক্টর আবুল হাসনাত মোহাম্মদ সেলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, "শাহজালাল হলের শিবিরের নেতা-কর্মীদের ডেকে এনে নতুন হল প্রাধ্যক্ষ নিয়োগ না হওয়া পর্যন্ত হলে উঠতে বিরত থাকতে বলেছি। সে পর্যন্ত প্রয়োজনে তাদের অন্য ছাত্রাবাসে অবস্থান করতে বললে তারা দুই দিনের মধ্যে হলে ওঠার ব্যবস্থা না করলে জোর করে হলে ওঠার হুমকি দেয়।" শনিবার দুপুরে প্রক্টরের কার্যালয়ে এ হুমকি দেওয়ার সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন কাদের বলেন, "বৈধ হয়েও শাহজালাল হলের শিবিরকর্মীরা হলের বাইরে থাকতে বাধ্য হচ্ছে। তাই দুই দিনের মধ্যে হলে তোলার ব্যবস্থা না করলে শিবিরকর্মীরা প্রশাসনকে উপেক্ষা করে হলে অবস্থান নেবে।" ঘটনার পরপরই এ বিষয়ে উপাচার্যকে অবহিত করা হয়েছে বলে জানান সহকারী প্রক্টর। গত ২৫ অক্টোবর শাহজালাল হলে অনাবাসিক এক ছাত্রের অবস্থান করাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওই দিন ভোররাতে হলে তল্লাশি চালিয়ে ৩২ জন শিবিরকর্মীকে আটক করে পুলিশ। পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক মামলায় আটককৃতদের মধ্যে ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়। ২৮ জনের মধ্যে ২৬ জন গত ১২ নভেম্বর জামিনে মুক্তি পায়। পরদিন বিকালে শাহজালাল হলে উঠতে চায় তারা। সে সময় ছাত্রলীগের বিরোধিতার কারণে তারা হলে উঠতে পারেনি। হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম সালামত উল্ল্যা ভূঁইয়ার কাছে এ বিষয়ে অভিযোগ করে ছাত্র শিবির। গত বুধবার প্রাধ্যক্ষের এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা থাকলেও সেদিন সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। তখন থেকে হলের প্রাধ্যক্ষ পদটি ফাঁকা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/২২৪৩ ঘ.