২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জনগণের দুর্ভোগ বাড়িয়েছে: আমীর খসরু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের দুর্ভোগ বাড়িয়েছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আগেই দেশের জনগণ এর সমুচিত জবাব দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের দুর্ভোগ বাড়িয়েছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আগেই দেশের জনগণ এর সমুচিত জবাব দেবে। বুধবার চট্টগ্রামের জেলা পরিষদ মার্কেট চত্বরে উত্তর ও দক্ষিণ জেলা এবং নগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বলেন, "শেখ হাসিনার সরকারের দিন শেষ হয়েছে। দেশের মানুষ এখন সিদ্ধান্ত নেবে কীভাবে এ সরকারের বিদায় হবে।" জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপি'র সভাপতি আমীর খসরুসহ উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীদের একটি মিছিল জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিআরটিসি মোড়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৯০০ ঘ.