২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কুমিল্লায় ইভিএমে রাজি হবে: ছহুল

কুমিল্লা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে বিএনপি শেষ পর্যন্ত 'রাজি' হবে বলে মন্তব্য করেছেন এক নির্বাচন কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে বিএনপি শেষ পর্যন্ত 'রাজি' হবে বলে মন্তব্য করেছেন এক নির্বাচন কমিশনার। কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার এ মন্তব্য করে নির্বাচনে ইভিএম ব্যবহারকে 'ভালো কাজ' হিসেবে অভিহিত করেন। এই 'ভালো কাজে' বাধা না দিতে বিএনপির প্রতি অনুরোধ জানান তিনি। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশনের সবক'টি কেন্দ্রে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনার প্রেক্ষিতে বিএনপি মঙ্গলবার বলেছে, ইভিএম ব্যবহার না করতে কমিশনকে তারা চিঠি দেবে। গত মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এক-তৃতীয়াংশ ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হয়। বিএনপি বরাবরই নির্বাচনে ইভিএমের বিরোধিতা করে আসছে। নারায়ণগঞ্জ নির্বাচনেও ইভিএম ব্যবহারে আপত্তি জানায় দলটি। অবশ্য সেনা মোতায়েন না হওয়ার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে ওই নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। বুধবার নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "কুমিল্লায় শতভাগ ইভিএম হবে-এটা আমাদের সিদ্ধান্ত। এটা একটা ভালো কাজ। বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে তা ঠিক নয়।" বিএনপি'র কোনো চিঠি ইসি পায়নি জানিয়ে তিনি বলেন, "ভালো কাজের বিরোধিতা করবেন না। জনগণ সাড়া দিচ্ছে। আশা করি, তাদেরও (বিরোধী দল) কনভিন্স করতে পারবো আমরা।" 'জটিলতা নিরসন না হলে নির্বাচন বিলম্বিত হবে' ছহুল হোসাইন জানান, ২০ নভেম্বরের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। এ সময়ে জটিলতা নিরসন হলে ২৪ নভেম্বরের মধ্যে কুমিল্লা নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানান তিনি। ওই সময়ের মধ্যে তফসিল ঘোষণার কথা এর আগেও বলেছিলেন তিনি। তবে সীমানা জটিলতা সমাধান করে তফসিল ঘোষণা করতে হবে উল্লেখ করে বুধবার এ নির্বাচন কমিশনার বলেন, "তা না হলে আইনি জটিলতা হবে, নির্বাচন পিছিয়ে যেতে পারে।। ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের দুইটি এলাকা নিয়ে কুমিল্লায় জটিলতা রয়েছে। গত জুলাইয়ে দুইটি পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হয়। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান ইসির তাদের মেয়াদে এ নির্বাচনটিও করতে চায়। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র"য়ারিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮২৯ ঘ.