ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গিয়াস আল মামুনের ব্যাংক হিসাব থেকে টাকা নিয়ে সিঙ্গাপুরে তারেক রহমানের ৫০ হাজার ৬১৩ ডলার ব্যয়ের তথ্য ঢাকার আদালতে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইর কর্মকর্তা ডেবরা লাপ্রেভোট।
বুধবার ঢাকার জজ আদালতে সাক্ষ্য দিতে আসেন লাপ্রেভোট। তার সাক্ষ্য নেওয়ার প্রতিবাদ জানিয়ে মামুনের আইনজীবীরা আদালত বর্জন করেন।
লাপ্রেভোট তার বক্তব্যের শুরুতেই নিজের নাম, বাবার নাম ও বয়স উল্লেখ করে আদালতকে বলেন, তার আসার পেছনে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করেনি। তবে বিএনপি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, তারেককে ফাঁসাতে এফবিআইর এ কর্মকর্তাকে আনা হয়েছে।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসেনের আদালতে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্তএফবিআই কর্মকর্তা লাপ্রেভোটের সাক্ষ্যগ্রহণ চলে।
এফবিআইর এই নারী কর্মকর্তা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকার এবং দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের জন্য ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরোর (এফবিআই) সাহায্য চেয়েছিলো। এই পরিপ্রেক্ষিতে তিনি তারেক রহমান ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের সিঙ্গাপুরের সিটি (এনএ) ব্যাংকের হিসাব পরীক্ষা করেন।
লাপ্রেভোট বলেন, ব্যাংক হিসাব পর্যবেক্ষণ করে তিনি দেখতে পান, মামুনের একাউন্ট থেকে ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০ হাজার ৬১৩ ইউএস ডলার তুলে তারেক রহমান ভ্রমণ এবং বিদেশে বিভিন্ন সামগ্রী কেনা-কাটা করেন।
তদন্ত করতে গিয়ে মামুনের নামেও একটি ক্রেডিট কার্ডের সন্ধানও পাওয়া যায় বলে এফবিআই কর্মকর্তা জানান।
২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের অভিযোগে তারেক ও মামুনের বিরুদ্ধে এ মামলা করেন। তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় গত বছরের ৬ জুলাই। তারেকের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে চলতি বছরের ৮ অগাস্ট।
মামলার অভিযোগপত্রে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ৮০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হলে ওই কার্যাদেশ পাইয়ে দেয়ার প্রতিশ্র"তি দিয়ে 'নির্মাণ কনস্ট্রাকশন লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন মামুন।
ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে মামুনের নামে একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়।
লাপ্রেভোট আদালতে জানান, সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএতে মামুনের হিসাব পরীক্ষা করতে গিয়ে তারেক রহমানের বিষয়ে তথ্য পান তিনি। তদন্তে দেখা যায়, খাদিজা ইসলামের হিসাব থেকে সাত লাখ ডলার মামুনের ব্যাংক হিসাবে জমা হয়। আর মামুন তার হিসাব থেকে তারেকের হিসাবে টাকা পাঠান। সেখান থেকে তারেক দুটি ভিসা কার্ডের মাধ্যমে টাকা তুলে খরচ করেন।
আদালতে লাপ্রেভোট জানান, ওই তদন্ত শেষে ২২৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়। একইসঙ্গে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেও ৩৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।
এ দুটি প্রতিবেদনের অনুলিপি বুধবার আদালতেও দাখিল করা হয়।
লাপ্রেভোটের সঙ্গে আরো কয়েকজন বিদেশি নাগরিক শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন। সকাল থেকে শুনানি শেষ না হওয়া পর্যন্ত আদালত এলাকায় ব্যাপক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
সাক্ষ্য গ্রহণ চলাকালে মামলার আসামি গিয়াসউদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আর খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান।
চলতি বছর ৮ অগাস্ট অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের পর তারেককে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/জেকে/১৮১০ ঘ.
bdnews24