২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তেলের দাম নিয়ে কর্মসূচি রাজনৈতিক মায়াকান্না'

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদলের আন্দোলন কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, এ কর্মসূচি দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীদলের আন্দোলন কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, এ কর্মসূচি দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসবি) এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নয় দফায় জ্বালানি তেলের দাম প্রায় শতভাগ বাড়ানো হয়েছিলো। বর্তমান সরকার এ পর্যন্ত তিনবার তেলের দাম বাড়িয়েছে। তাই তাদের মুখে আন্দোলনের নামে এসব মায়াকান্না মানায় না।" "বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করছে", যোগ করেন তিনি। গত ১১ নভেম্বর ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়। ফলে বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৫৬ টাকা, অকটেন ৮৯, পেট্রোল ৮৬ এবং ফার্নেস অয়েল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গল ও বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রধান বিরোধী দল বিএনপি। তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম দফায় ডিজেলের দাম ২ টাকা কমানো হয়। পরে তা সমন্বয় করা হয়েছে। এরপর আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এবং ভর্তুকি কমাতে ফের দাম বাড়ানো হয়েছে।" বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে আসায় দেশেও কমানো হবে কি না জানতে চাইলে তৌফিক-ই-ইলাহী বলেন, "আন্তর্জাতিক বাজারে দাম কমলে এখনই তার ফল বাংলাদেশ পাবে না। এর ফল পেতে বাংলাদেশকে আরো ৬ মাস সময় অপেক্ষা করতে হবে।" জ্বালানি তেলের পাশাপাশি রূপান্তারিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হচ্ছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, "দাম বাড়ানোর বিষয়টি এনার্জি রেগুলেটরি কমিশন ভালো বলতে পারবে।" কর্মশালা প্রসঙ্গে তিনি বলেন, "দেশে ভূমিকম্প ও ভূমিধসের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার তৎপর। সেজন্য এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা দক্ষতা অর্জনের পাশাপাশি নানা বিষয় সম্পর্কে জানতে পারবে।" 'এনহেন্স ইন্সটিটিউশনাল সার্পোট অ্যান্ড ক্যাপাসিটি ব্লিডিং অফ জিওলোজিক্যাল সার্ভে অব বাংলাদেশ ফর মিটিগেশন অব জিওহ্যাজার্ড ইন বাংলাদেশ' শীর্ষক প্রকল্পের আওতায় জিএসবি এ কর্মশালার আয়োজন করে। উপদেষ্টা বলেন, "জিএসবির নেওয়া এই প্রকল্পের মাধ্যমে বড় বড় স্থাপনা (সেতু, ভবন), শহর রক্ষা বাঁধ ও পাহাড় সম্পর্কে নানা ধরনের তথ্য পাওয়া যাবে, সে অনুযায়ী আগাম সর্তকতা নেওয়া সহজ হবে।" অন্যদের মধ্যে নরওয়ের রাষ্ট্রদূত রাগুন ব্রিট লুণ্ড, ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মুনিরা আক্তার চৌধুরী কর্মশালায় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৫৪৫ ঘ.