২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের পাঁচ নারী আসনে নির্বাচন ২৬ ডিসেম্বর

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বর্ধিত পাঁচটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন ২৬ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বর্ধিত পাঁচটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন ২৬ ডিসেম্বর। বুধবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "এই পাঁচটি সংরক্ষিত আসনে ভোটের বিষয় নিয়ে আজ (বুধবার) কমিশন বৈঠক করেছে।" বৈঠকে ৩০ নভেম্বর মনোনয়ন জমা, ১ ডিসেম্বর বাছাই এবং ৭ ডিসেম্বর পর্যন্ত তা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ভোট হবে ২৬ ডিসেম্বর। সংবিধান সংশোধনী অনুযায়ী যে পাঁচটি সংরক্ষিত আসন বেড়েছে এর সবগুলো পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২০০৪ সালে প্রণীত জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী রাজনৈতিক দল ও জোটের অনুকূলে নতুন পাঁচটি আসন বণ্টন করা হয়েছে। গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০ আসনে উন্নীত করা হয়। ছহুল হোসাইন বলেন, "পাঁচ জনের বেশি মনোনয়ন জমা দিলেই কেবল ভোটাভুটি হবে। আর না হলে প্রত্যাহারের শেষদিনই ঘোষণা করা হবে নির্বাচিতদের নাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৫০৯ ঘ.