২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজুর অপসারণ চাইলেন লোকমানের ভাই

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর অপসারণ দাবি করেছেন নরসিংদীর নিহত পৌর মেয়র লোকমান হোসেনের পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

নরসিংদী, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর অপসারণ দাবি করেছেন নরসিংদীর নিহত পৌর মেয়র লোকমান হোসেনের পরিবার। মঙ্গলবার বিকালে স্থানীয় সাংবাদিকরা লোকমানের বাড়ি গেলে লোকমানের ভাই মো. কামরুজ্জামান বলেন, লোকমান হত্যার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজুকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চু লোকমান হত্যামামলার অন্যতম আসামি। মন্ত্রিত্ব থাকলে রাজু মামলার তদন্তে প্রভাব বিস্তার করবেন বলে মনে করছেন কামরুজ্জামান। তাই রাজুকে মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। লোকমান হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ চাপমুক্ত হয়েই কাজ করছে- পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকারের এ বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে কামরুজ্জামান সুষ্ঠু তদন্ত নিয়ে তার সংশয়ের কথা জানালেন। বাচ্চুসহ তিন আসামি সোমবার আগাম জামিন চেয়ে হাইকোর্টে গিয়ে বিফল হন। তাদের গ্রেপ্তার না করার বিষয়ে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, সময়ের অভাবে ও কৌশলগত কারণে অনেক সময় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না। গত ১ নভেম্বর একদল মুখোশধারী নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গুলি চালিয়ে হত্যা করে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমানকে। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে যে মামলাটি হয়েছে, তার বাদি কামরুজ্জামান। তার দাবি, লোকমানের জনপ্রিয়তা দেখে তাকে হত্যা করা হয়েছে। মামলার ১৪ আসামির অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৯ ঘ.