২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তোড়জোড়ের মধ্যে ওই জেলার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে সার্বিক পরিস্থিতি জানলেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তোড়জোড়ের মধ্যে ওই জেলার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে সার্বিক পরিস্থিতি জানলেন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সোয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক চলে। বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হলেও এতে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা জানানো হয়নি। দলীয় চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করে বেরিয়ে কুমিল্লা জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, "ম্যাডাম আমাদের কাছ থেকে কুমিল্লার পরিস্থিতি জানতে চেয়েছেন। আমরা দলীয় অবস্থান এবং সেখানকার রাজনৈতিক অবস্থা তাকে অবহিত করেছি।" নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত কি না- জানতে চাইলে তিনি বলেন, "তফসিল ঘোষণার পর এই বিষয়ে দল সিদ্ধান্ত জানাবে।" বৈঠকে উপস্থিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের একই কথা বলেন। বৈঠকে অংশ নেওয়া অন্যরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লার সাবেক পৌর মেয়র মনিরুল হক সাক্কু ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। আগামী জানুয়ারি মাসে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ এক-তৃতীয়াংশ ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হলেও কুমিল্লায় সব ওয়ার্ডেই তা ব্যবহারের পরিকল্পনা রয়েছে ইসির। ইভিএমে আপত্তি জানিয়ে আসা বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে থাকলেও সেনা মোতায়েন না হওয়ার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ায়। এবার ইভিএমে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দেওয়া হবে বলে বিকালেই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের পর এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, "ইভিএম সম্পর্কে আমরা ইতোমধ্যে আপত্তি জানিয়েছি। এই মেশিনে ভোট কারচুপি হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০০০ ঘ.