ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য কারামুক্ত বিএনপি নেতা খায়রুল কবীর খোকন মঙ্গলবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেনের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গত ১ নভেম্বর গ্রেপ্তার করা হয় দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি খোকনকে। ১৩ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান।
পরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়া জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে নরসিংদীর রাজনৈতিক পরিস্থিতি নেত্রীর কাছে তুলে ধরেন মাঠ পর্যায়ের নেতারা।
এ সময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৩২ ঘ.
bdnews24