২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ইভিএম নয়, ইসিকে চিঠিতে জানাবে বিএনপি

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার না করতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার না করতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে বিএনপি। ইভিএমে আপত্তি জানিয়ে আসা বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে থাকলেও সেনা মোতায়েন না হওয়ার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ায়। নারায়ণগঞ্জে এক-তৃতীয়াংশ ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হলেও কুমিল্লায় সব ওয়ার্ডেই তা ব্যবহারের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীর মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনকে আমরা শিগগিরই চিঠি দেবো।" আইন অনুযায়ী, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নতুন সিটি কর্পোরেশন কুমিল্লায় নির্বাচন করতে হবে। ২৪ নভেম্বরের মধ্যে তফসিল আহ্বান করার পরিকল্পনা রয়েছে ইসির। নারায়ণগঞ্জের আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার হয়েছিলো। তাতে বিএনপি অংশ নিয়েছিলো। শেষ পর্যন্ত কুমিল্লায় ইভিএম ব্যবহার হলে বিএনপি অংশ নেবে কি না- জানতে চাওয়া হলে ফখরুল বলেন, "আমরা আগে থেকেই ইভিএমের বিরোধিতা করে আসছি। কুমিল্লার নির্বাচনে এমনটি হলে কী করবো- তা দলীয় বৈঠকে সিদ্ধান্ত হবে।" কারামুক্ত খায়রুল কবির খোকনকে নিয়ে মঙ্গলবার বিকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কুমিল্লার নির্বাচন নিয়ে কথা হয় সাংবাদিকদের। সেখানে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর ওই জেলা বিএনপির সভাপতি খোকনকে গ্রেপ্তার করা হয়, যদিও আওয়ামী লীগের এ নেতার পরিবার যে মামলা করেছে তাতে খোকনকে আসামি করা হয়নি। লোকমান হত্যামামলার আসামি টেলিযোগাযোগমন্ত্রীর ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুসহ তিন জন প্রকাশ্যে হাইকোর্টে গেলেও তাদের গ্রেপ্তার না করার সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, "সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে। বিরোধী দলের নেতা-কর্মী হলে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সরকারি দলের লোক খুনি হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮২৩ ঘ.