ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় বুধবার সাক্ষ্য দেবেন মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা হেপরেভেট।
মঙ্গলবার দুপুরে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল একথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মঙ্গলবার সকালে ঢাকার তিন নম্বর বিশেষ জজ অদালতে বুধবার এই মামলায় সাক্ষ্য দেওয়ার বিষয়ে একটি আবেদন করা হয়। বিচারক মোজাম্মেল হোসেন আবেদন মঞ্জুর করেছেন।"
তারেক ও তার ঘনিষ্ট বন্ধু গিয়াস আল মামুনের সিঙ্গাপুরে অর্থ পাচারের ব্যাপারে তদন্ত করেছিলেন এফবিআই কর্মকর্তা ডেবরা।
এদিকে মঙ্গলবার এই মামলার চতুর্থ দিনের শুনানিতে বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহীমকে জেরা করেছেন মামুনের কৌঁসুলি খন্দকার মাহাবুব হোসেন ও ফখরুল ইসলাম।
চতুর্থ দিনের জেরার পর বিচারক মো. মোজ্জামেল হোসেন বুধবার মামলার পরবর্তী দিন ঠিক করেছেন। এসময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছাড়াও আনিসুল হক, মোশারফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।
এর আগে মামুনকে কারাগার থেকে আদালতে আনা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলছে।
গত ৮ অগাস্ট এ আদালতে তারেক ও মামুনের বিরুদ্ধে ২০০২ সালের মুদ্রা পাচার আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন হয়। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি হওয়ার পর গত বছরের ৬ জুলাই অভিযোগপত্র দেওয়া হয় আদালতে।
মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে 'নির্মাণ কনস্ট্রাকশন' নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক ও মামুন ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/সিএস/এএল/১৬০২ ঘ.
bdnews24