২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: গ্রেপ্তার টিপন রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার মাসুদুর রহমান টিপন ওরফে পঙ্কাকে আট দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

নরসিংদী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার মাসুদুর রহমান টিপন ওরফে পঙ্কাকে আট দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের আবেদনে সোমবার নরসিংদীর বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহা মঞ্জুর করেন। রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর এলাকা থেকে টিপনকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী সদর গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মোল্লা। লোকমান হত্যামামলার এজাহারভুক্ত আসামি নন টিপন। তবে তাকে জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে পুলিশের দাবি। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোকমান হোসেন হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মটর সাইকেলের সূত্র ধরে গাজীপুরের টঙ্গী থেকে চার দিন আগে সেলিম নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাওেক আদালতের মাধ্যমে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেলিমের জবানবন্দি অনুযায়ীই টিপনকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামুনুর। টিপন নরসিংদী শহরের শাটিরপাড়া এলাকার বাসিন্দা ও চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। নরসিংদী পুলিশ সুপার মহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত ১ নভেম্বর নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান মুখোশধারীদের গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর নরসিংদী সদর থানায় একটি মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। মামলায় ১৪ জনকে আসামি করা হয়। এদের অধিকাংশই আওয়ামী লীগ নেতা-কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭১৯ ঘ.